
হরিয়ানায় পরিত্যক্ত সুটকেস থেকে উদ্ধার কংগ্রেস নেত্রীর দেহ
পরিত্যক্ত সুটকেস থেকে কংগ্রেস নেত্রীর দেহ উদ্ধারের ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভারতের হরিয়ানায়। শনিবার (১ মার্চ) ঘটনাটি ঘটেছে হরিয়ানার রোহতক জেলায়। মৃত কংগ্রেস নেত্রীর নাম হিমানী নারওয়াল (২২)। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রাতে ও দেখা গিয়েছিল তাঁকে। পুলিশ সূত্রে প্রকাশ, শনিবার (১ মার্চ) রোহতকের সাম্পলা বাসস্ট্যান্ডের কাছে একটি নীল রংয়ের সুটকেস পড়ে থাকতে দেখেন পথচারীরা। তারপরই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও একটি ফরেনসিক দল। এরপর সুটকেস খুলতেই তরুণীর দেহ উদ্ধার হয়। পরে জানা যায়, সুটকেসের ভেতরে থাকা দেহ হিমানী নামে ওই মহিলা কংগ্রেস নেত্রী। উদ্ধারের সময় তরুণীর হাতে মেহেদি, গলায় স্কার্ফ, শরীরে নির্যাতনের চিহ্ন ছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, তরুণীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। সাম্পলা থানার ইনচার্জ বিজেন্দ্র সিং জানিয়েছেন, ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ।
![]()









