
দেশে প্রথম বারের মতো ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উদযাপন হচ্ছে আজ। ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ স্লোগান নিয়ে দিবসটি উদযাপন করা হবে। এ উপলক্ষে গণভবনে দেশের ৮ হাজার জনপ্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্থানীয় সরকারকে স্মার্ট ও সেবামুখী করতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকারপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে প্রতি বছর ১৪ সেপ্টেম্বর জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি দিবসটি উদযাপনের কথা থাকলেও তা পিছিয়ে ১৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং সাড়ে ৪ হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সাময়িক বরখাস্ত হওয়া জনপ্রতিনিধি এবং যাদের নামে মামলা রয়েছে, তারা আমন্ত্রণ পাননি।
![]()









