
স্বতন্ত্র প্রার্থী লায়ন ইমরানের ঝুঁকিতে ঘুম হারাম আ.লীগের প্রার্থী মামুনের
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে দলের স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী মাঠে রেখে আওয়ামী লীগের কৌশলের কারণে ঝুঁকিতে রয়েছেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব এস. এম আল মামুন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -৪ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে এস. এম আল মামুন নির্বাচন করলেও তাকে লড়তে হবে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির বিশেষজ্ঞ সদস্য লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের সঙ্গে। এক শতাংশ ভোটারের সমর্থন সংগ্রহে সমস্যার কারণ দেখিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে সীতাকুণ্ডের জনপ্রিয় এ আওয়ামী লীগ নেতার প্রার্থীতা বাতিল করা হয়। ২০ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ হাইকোর্টের বিশেষ বেঞ্চের রায়ে তাঁকে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮১ নং চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড এবং আংশিক আকবরশাহ ও পাহাড়তলী) আসনে প্রার্থীতা ফেরত পান তিনি।
জানা গেছে, নৌকার প্রার্থী এস. এম আল মামুনের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের প্রতিদ্বন্দ্বিতা হবে হাড্ডাহাড্ডি। লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান প্রার্থীতা ফেরত পাওয়ায় নৌকা প্রতীকের প্রার্থী এস. এম আল মামুন এখন চিন্তিত।
এই স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাদের একটি অংশ নির্বাচনের মাঠে আড়ালে থেকে দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করবেন বলেও জানা গেছে। এ নিয়ে ঘুম হারাম হয়ে উঠেছে নৌকার প্রার্থী আল মামুনের ।
আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, শুধু সীতাকুণ্ড আসন নয় চট্টগ্রামের ১১টি আসনে স্বতন্ত্র ঝড়ের চিন্তায় নৌকার মাঝিরা আতংকিত। লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান ২০ ডিসেম্বর বুধবার হাইকোর্টের বিশেষ বেঞ্চের রায়ে প্রার্থীতা ফেরত পাওয়ার পর থেকে মঙ্গলবার সীতাকুণ্ড উপজেলার ৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়নের মগপুকুর, বোয়ালিয়াকুল, দক্ষিণ বাঁশবাড়ীয়া, আকিলপুর, উত্তর বাঁশবাড়ীয়া, নুনাবিল, মুফতি মনু আলম সড়ক, হাবীব আহম্মদ সড়ক, কোট্টা বাজার চট্টগ্রাম নগরীর আকবরশাহ ও পাহাড়তলী এলাকায় সরেজমিনে দেখা গেছে ভোটের উত্তাপ।পাশাপাশি দুই বক্স থেকে আসছে নির্বাচনী প্রচারণা।
এদিকে প্রার্থী সম্পর্কে চুল-চেরা বিশ্লেষণে ব্যস্ত ভোটাররাও। সরেজমিন ঘুরে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির বিশেষজ্ঞ সদস্য লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের জনপ্রিয়তা বেশ টের পাওয়া গেল। একজন পরিচ্ছন্ন, সৎ, যোগ্য, শিক্ষিত ও ভালো মনের মানুষ লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান প্রার্থী ফিরে পাওয়ায় ভোটারের মাঝে বেশ চাঙা ভাব পরিলক্ষিত হচ্ছে।
![]()









