- - -

স্থানীয় সরকার শক্তিশালী না হলে স্থানীয় উন্নয়ন সম্ভব নয়: সাতক্ষীরায় সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির

Print News

স্থানীয় সরকার শক্তিশালী না হলে স্থানীয় উন্নয়ন সম্ভব নয়: সাতক্ষীরায় সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির

“স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী না করলে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়”—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)-এর প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির।
বুধবার (৮ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিইআই-এর আয়োজনে অনুষ্ঠিত হয় ‘জাতীয় ঐক্যমত গঠনের প্রক্রিয়ায় অংশীজনের মতামত’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা।
সভায় এম হুমায়ুন কবির বলেন, “গণতন্ত্র, সুশাসন ও বিকেন্দ্রীকরণ প্রতিষ্ঠা করতে হলে প্রথমেই স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেই ভবিষ্যৎ রাষ্ট্রীয় কাঠামো নির্ধারণ করতে হবে।”
তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন অঞ্চলে মতবিনিময়ের মাধ্যমে জনগণের মতামত সংগ্রহ করে তা সুপারিশ আকারে জাতীয় পর্যায়ে উপস্থাপন করা হবে। এতে করে আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় নাগরিকদের প্রত্যাশা প্রতিফলিত হবে।”
বিইআই-এর উপ-পরিচালক চৌধুরী সামিউল হকের সঞ্চালনায় আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন—স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সনাক সভাপতি হেনরী সরদার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, ‘অর্জন’-এর নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরি, আহছানিয়া মিশন মাদ্রাসার অধ্যক্ষ আফজাল হোসেন, ‘লোকজ’-এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, অ্যাডভোকেট নাজমুন নাহার, জেলা সিপিবি সভাপতি আবুল হোসেন, ছাত্রদল নেত্রী করিমন নেছা শান্তা, সাবেক ছাত্র অধিকার পরিষদ সভাপতি ইমরান হোসেন, বিশিষ্ট সংগীতশিল্পী আবু আফফান রোজবাবু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, গণমাধ্যমের স্বাধীনতা সংকোচন, দুর্নীতি ও অর্থনৈতিক বৈষম্য নাগরিক জীবনে মারাত্মক প্রভাব ফেলছে। এ থেকে উত্তরণে অংশগ্রহণমূলক আলোচনা, বিকেন্দ্রীকরণ এবং শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা অপরিহার্য।
উল্লেখ্য, ২০০০ সাল থেকে গবেষণা ও নীতি প্রণয়নে সক্রিয় ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)। প্রতিষ্ঠানটি সুশাসন, নিরাপত্তা, বৈদেশিক নীতি, আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নসহ নানা বিষয়ে গবেষণা পরিচালনা করে আসছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa