
সেন্ট্রাল প্লাজার স্বত্বাধিকারী মোহাম্মদ পানাউল্লাহ চৌধুরীর (মাইজ্জা মিয়া) ইন্তেকাল
চট্টগ্রামের অভিজাত শপিং মল জিইসি মোড়স্থ সেন্ট্রাল প্লাজার প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ পানাউল্লাহ চৌধুরী (প্রকাশ: মাইজ্জা মিয়া) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৫ মার্চ) রাত ৮ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) বাদে জোহর চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে গরীবউল্লাহ শাহ কবরস্থানে দাফন করা হবে।
শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় জানাজায় শরিক হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন উনার সন্তান একরাম উল্লাহ চৌধুরী রনি।
তার মৃত্যুতে চট্টগ্রামের ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ মরহুমের আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেছেন।
![]()









