- - -

সুবিধাবঞ্চিত শিশুদের সাথে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করলো মিরপুর বন্ধুসভা

Print News

সুবিধাবঞ্চিত শিশুদের সাথে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করলো মিরপুর বন্ধুসভা

 

দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই মানবিক কার্যক্রম দিয়ে যাত্রা শুরু করেছে মিরপুর বন্ধুসভার নতুন কমিটি। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি শনিবার রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী এক আনন্দঘন ও হৃদয়ছোঁয়া আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

ভালোবাসার এই বিশেষ দিনে ফুল, চকলেট বা আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সাথে সুন্দর একটি মূহর্ত কাটানো ও তাদের মুখে হাসি ফোটানোকে প্রাধান্য দেয় মিরপুর বন্ধুসভার সদস্যরা। নতুন কমিটির প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে এ আয়োজন ঘিরে ছিল সদস্যদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

প্রাণবন্ত পরিবেশে নানা আয়োজনে সকাল থেকেই মিরপুরের রূপনগর এলাকার নির্ধারিত স্থানে জড়ো হতে থাকে শিশু ও স্বেচ্ছাসেবকরা। শুরুতে শিশুদের সঙ্গে পরিচিতি পর্ব ও স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ছিলো গল্প বলা, ছড়া আবৃত্তি, মুক্ত আলোচনা এবং শিক্ষামূলক কথোপকথনের মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বাড়ানোর পর্ব।

অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল বিভিন্ন খেলাধুলা ও গেমস প্রতিযোগিতা। দৌড়, মজার কুইজ, দলীয় খেলা এবং তাৎক্ষণিক সৃজনশীল প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুরা দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া উপস্থিত সব শিশুদের জন্য ছিল বিশেষ উপহার ও খাবারের ব্যবস্থা। নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, দায়িত্ব গ্রহণের পরপরই সমাজমুখী কার্যক্রম দিয়ে সংগঠনের পথচলা শুরু করতে চেয়েছেন তারা। বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতেই এ উদ্যোগ নিয়েছে কমিটির সদস্যরা।

উপদেষ্টা অপূর্ব বড়ুয়া বলেন, “দিবসটি শুধু আনুষ্ঠানিক উদযাপনে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রান্তিক মানুষের পাশে থেকে তাদের সাথে ভালোবাসা ও আনন্দ ভাগাভাগি করার মধ্যেই এর প্রকৃত তাৎপর্য নিহিত।” সাধারণ সম্পাদক স্বদেশ বিশ্বাস বলেন, “শিশুদের হাসিই আমাদের প্রাপ্তি, তাদের আনন্দই আমাদের অনুপ্রেরণা।”

আয়োজনে অংশ নেওয়া শিশুদের মুখে ছিল নির্মল হাসি ও আনন্দের ঝিলিক। খেলাধুলা ও উপহার পেয়ে শিশুরা দারুণ খুশি। স্থানীয় বাসিন্দারা মিরপুর বন্ধুসভার এ উদ্যোগের প্রশংসা জানান। স্থানীয়রা বলেন , এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম শিশুদের মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে এবং সমাজে ইতিবাচক চর্চা তৈরি করে।

উপ-সাংগঠনিক সম্পাদক রায়হান ইসলাম বলেন, “মিরপুর বন্ধুসভা নতুন কমিটি ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবিক সহায়তামূলক কার্যক্রম নিয়মিত করবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে একটি সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তুলবে।

সব মিলিয়ে, শপথ নেওয়ার পর প্রথম কর্মসূচি হিসেবে মিরপুর বন্ধুসভার নতুন কমিটির এই আয়োজন ছিলো ব্যতিক্রমী ও হৃদয়গ্রাহী—যা শিশুদের জন্য হয়ে থাকবে এক স্মরণীয় অভিজ্ঞতা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa