
সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ঃ নামচিতে মৃতের সংখ্যা বেড়ে ১১
ভারতের সিকিমে নির্মীয়মাণ সুড়ঙ্গ বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১১। ৮ জন শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। তবে সুড়ঙ্গের ভিতরে এখনও আটকে অনেক শ্রমিক। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে খবর, সুড়ঙ্গ ভিতরে মিথেন গ্যাস লিক করায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করা যাচ্ছে না। এই ঘটনায় ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে কতজন শ্রমিক ভিতরে আটকে রয়েছেন সেই সংখ্যাটি স্পষ্ট নয় বলে জানিয়েছেন নামচির জেলাশাসক অনুপ তামাং। তবে স্থানীয় সূত্রে দাবি, ১৮ জনের বেশি শ্রমিক ভেতরে আটকে রয়েছেন বলে আশংকা করা হচ্ছে। উদ্ধার কাজে চালাচ্ছে এনএইচপিসি, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিকিম পুলিশ, দমকল বাহিনী সহ বেশ কয়েকটি উদ্ধারকারী দল। উদ্ধারকারীরা জানিয়েছেন, মিথেন গ্যাস লিক করছে। ফলে
সুড়ঙ্গের ভিতরে ঢোকা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে নেমে কয়েকজন উদ্ধারকারী মিথেন গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েন বলে প্রশাসন সূত্রে এ খবর। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২০ জুলাই ) নামচির সামারদুং এলাকার তিস্তা স্টেজ – ৬ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ
সুড়ঙ্গে ধস নামে। ভিতরে আটকে পড়েন বেশ কয়েকজন শ্রমিক। ধসের জেরে সুড়ঙ্গ মুখ বন্ধ হয়ে যায়। ফলে ভিতরে থাকা শ্রমিকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপরেই সেখানে বিষাক্ত মিথেন গ্যাস লিক হতে শুরু করে যা উদ্ধারের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। প্রশাসন সূত্রে জানা গেছে, আটকে থাকা শ্রমিকদের নিরাপদে বাইরে বের করে আনাই এখন প্রধান অগ্রাধিকার।
![]()









