
সাতক্ষীরা আশাশুনির বাঁকড়া সেতু ভেঙে পড়েছে : চরম ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের
দ্বিতীয়বারের মতো ভেঙে পড়েছে সতক্ষীরার আশাশুনি শোভনালী ইউনিয়নের মরিচ্চাপ নদী উপর নিমিত কুন্দুড়িয়া—বাঁকড়া সেতু। সেতুটি ভেঙে একেবার পানির সাথে মিশে যাওয়ায় চরম ভোগান্তির মধ্যে পড়েছে শিক্ষার্থী ও পথচারীরা। বিশেষ করে পার্শ্ববর্তী কুন্দুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়সহ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। নদীতে জোয়ারের সময় ভেঙে পড়া সেতুর উপরে প্রায় পাঁচ থেকে ছয় ফুট পানি বৃদ্ধি পায় যে কারণে ছাত্র—ছাত্রীদের অনেক সময় ভিজে পড়ে এমনকি সাঁতার দিয়েও স্কুলে যেতে হচ্ছে। বুধবার দুপুর ১ টায় দিকে সরেজমিনে যেয়ে দেখা যায়, সেতুটি একদম পানির সাথে মিশে আছে। সেতুর উপরে প্রায় চার থেকে পাঁচ ফুট পানি। সেখানে কয়েকজন অর্থের বিনিময়ে দুপাশ থেকে আসা মানুষের মোটরসাইকেল ও বাইসাইকেল পারাপার করে দিচ্ছে। আর পথচারীদের হাত ধরে সেতুর হাতার উপর দিয়ে হাঁটিয়ে পার করছে।
কিছু সময়ের মধ্যে কুন্দুড়িয়া হাইস্কুলের ছুটি হয়, প্রায় পঞ্চাশের উপরে ছাত্রছাত্রীরা সেতুর মুখে এসে দাড়ায়। সেখানে পানির ভেতরে দশ টাকার বিনিময়ে তাদের সাইকেল পার করে দিচ্ছে স্থানীয় রহিম ও করিম সহ কয়েকজন
এ সময় ছেলে মেয়েরা সাইকেল পার করার পর বিরিজের ভেতরে দিয়ে ভিজে অবস্থায় পার হয়। কয়েকজন ছেলে এবং মেয়েকে সেতুর হাতার উপর দিয়ে হাত ধরে পার করার চেষ্টা করল তবুও তাদের ভিজে অবস্থায় পার হতে হয়। এভাবে চলছে প্রায় এক মাস ।
স্থানীয়রা বলেন গত একমাস আগে দ্বিতীয়বার এই সেতুটি ভেঙে পড়ায় এই চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে প্রশাসনের পক্ষ থেকে অনেকেই দেখে গেলেও কোন ব্যবস্থা করা হয়নি বলে তারা অভিযোগ করেন।
বাঁকড়া গ্রামের আরিফুল ইসলাম বলেন,মরিচ্চাপ নদী খননের কারণে খননকৃত নদীর প্রস্থের তুলনায় সেতুটির দৈর্ঘ্য সামান্য কম হওয়ায় প্রায় এক বছর আগে এটি দেবে যায়। সেখান থেকে সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে মানুষ এবং যানবাহন কোনরকম চলাচল করে আসছিল। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ব্রিজটি কিছুটা দুর্বল হয়ে পানিতে মিশে যায়। বর্তমানে এই সেতুর উপর দিয়ে জোয়ার ভাটা চলছে এবং মানুষ বুকে নিয়ে পারাপার হচ্ছে।
স্থানীয় স্কুল শিক্ষক মনিরুল ইসলাম, অগভীর ফাউন্ডেশন হওয়ার কারণেই সেতু ভেঙে পড়েছে। যেখানে নদী রয়েছে ১৮০ ফুট প্রস্থ। সেখানে মাত্র ৬০ ফুট দৈর্ঘের ব্রিজ হলে কিভাবে থাকবে। যে কারণে বৃষ্টি ভেঙে পড়েছে।
অফিস সূত্রে জানা যায়,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২০১৬— ২০১৭ অর্থ বছরে ৫৪ লাখ ৪ হাজার ৬৫০ টাকা ব্যয় বরাদ্দে ৬০ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থে বক্স টাইপের ব্রিজটি নির্মাণ করেন। ঠিকাদারি প্রতিষ্ঠান পাইকগাছার মেসার্স জিএম হাসিব ট্রেডার্স কাজটি বাস্তবায়ন করেন। ৫ বছর পার না হতেই ব্রিজের মাঝ বরাবর অংশ বসে গেলে ব্রিজের বড় অংশ ভেঙে যায়।
মনিরা,সালমা,তহিদসহ কয়েকজন শিক্ষার্থী বলেন আমরা প্রতিদিন ঝুঁকি নিয়ে স্কুল থেকে যাওয়া আশা করি অনেক সময় স্কুলে যাওয়ার সময় আমাদের ভিজে অবস্থায় স্কুলে যেয়ে ক্লাস করতে আমাদের খুব কষ্ট হয়। কখনো কখনো নদীতে পানি বেশি থাকলে এমন কি সাঁতরায়েও স্কুলের যাওয়া আসা করতে হয়। আমরা দ্রুত সময়ে সংস্কারের দাবি জানান।
স্থানীয়রা জানান, নদীটি দীর্ঘকাল পলি পড়ে ভরাট হয়ে গেলে খেয়া পারাপারসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকার প্রয়োজনের কথা বিবেচনা করে এবং এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে নদীতে সেতুর নির্মাণ করা হলে ভালোভাবেই নদী পারাপারের কাজ চলে আসছিল। কিন্তু পানি উন্নয়ন বোর্ড সম্প্রতি নদী খনন কাজ করেছে। খনন কাজের সময় অ্যাস্কিমিটার মেশিনের সাহায্যে ব্রিজের একেবারেই কাছ থেকে মাটি কাটার কারণে সেতুটি ধীরে ধীরে দুর্বল হয়ে ভেঙে গেছে।
আশাশুনি উপজেলা প্রকৌশলী অনিন্দ্য দেব সরকার বলেন সেতুটি যখন নির্মাণ করা হয়েছে তখন নদী ছিল অনেক ছোট পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড নদী খননের ফলে ব্রিজটি ভেঙে পড়ে। এ বিষয়ে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে বলেছি যাতে দ্রুত সময়ে এখানে একটি নতুন ব্রিজ নির্মাণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন সেতুটি ভেঙে যাওয়ায় মানুষ অত্যন্ত দুর্ভোগের মধ্যে পড়েছে। বিষয়টি নিয়ে আমরা সাতক্ষীরা জেলা প্রশাসক স্যারসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি যাতে দ্রুত সময়ে মানুষের ভোগান্তি দূর করা যায়।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন —১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ সালাউদ্দীন জানান, ২০২০—২১ অর্থ বছরে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পে সাতক্ষীরা মরিচ্চাপ নদীর পুনঃ খনন কাজ শুরু করে সাতক্ষীরা পানি উন্নয়ন বোড। সম্পুর্ন দৈর্ঘ্যে ডিজাইন মোতাবেক পূর্ণ প্রশস্ততায় পুনঃখনন কর্মসূচী বাস্তবায়ন করা হলেও, ব্রিজ থাকার কারণে সেখানে নদী সংকুচিত অবস্থায় থেকে যায়। চলমান বর্ষায় ভারী বৃষ্টিপাতে নদীর প্রবাহ বৃদ্ধি পাওয়ায় পানির প্রচন্ড চাপে ব্রিজগুলো ধ্বসে যায়। বর্তমানে ধ্বসে যাওয়ার ব্রিজের কারণে পানির প্রবাহ বাঁধাগ্রস্ত হচ্ছে।
![]()









