
শৃঙ্খল ভাঙার সাহসের অগ্নিশিখা — শেখ মুজিব
পৃথিবীর ইতিহাসে এমন কিছু মানুষ আছেন, যাদের নাম উচ্চারণ করলেই মনে হয়— এখানে শৃঙ্খল ভাঙার অদম্য সাহস নিহিত আছে। আফ্রিকার মুক্তি আন্দোলন হোক বা এশিয়ার স্বাধীনতার সংগ্রাম— যেখানে জাতি শৃঙ্খল ভাঙার তীব্র সংকল্প প্রকাশ করে, সেখানে শেখ মুজিবের নাম সাহস ও নেতৃত্বের প্রতীক হিসেবে উচ্চারিত হয়।
স্বাধীনতাকামী জাতির মুক্তির সংগ্রামে শুধু জনতা বা রক্তই যথেষ্ট নয়, প্রয়োজন একজন শেখ মুজিবের মতো অবিচল নেতৃত্বের।
বিশ্ব ইতিহাসে অনেক জাতি শতাব্দীর পর শতাব্দী সংগ্রাম করেছে, রক্ত দিয়েও স্বাধীনতা অর্জনে ব্যর্থ হয়েছে—শুধুমাত্র একজন শেখ মুজিবের মতো নেতৃত্বের অভাবে।
যেমন—ফিলিস্তিন:
একটি জাতি হিসেবে অস্তিত্ব থাকা সত্ত্বেও শতবর্ষ ধরে তারা স্বাধীনতার জন্য লড়াই করছে। শিশু, নারী-পুরুষ লাখে লাখে জীবন দিয়েছে; কিন্তু আজও স্বাধীনতা অধরা। কারণ, তাদের নেই এমন এক নেতা যিনি শেখ মুজিবের মতো একসম্মত নেতৃত্ব দিতে পারেন।
রোহিঙ্গা:
মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী আজ বাস্তুচ্যুত, শরণার্থী হয়ে দয়ার ওপর নির্ভরশীল। কিন্তু জাতিকে নেতৃত্ব দিতে পারে এমন একজন শেখ মুজিব নেই তাদের মধ্যে।
কুর্দি:
তুরস্ক, ইরান, ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি কুর্দির নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ইতিহাস থাকলেও আজও তাদের স্বাধীন রাষ্ট্র নেই। শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার পরও, বঙ্গবন্ধুর মতো সর্বজনগ্রাহ্য নেতৃত্বের অভাবে তারা লক্ষ্যমুখী হতে পারেনি।
কাশ্মীর:
ভারত ও পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বে আজও কাশ্মীর অস্থির ও রক্তাক্ত। জনগণের রক্তপাত ও প্রতিবাদ থাকলেও, ঐক্যবদ্ধ ও দূরদর্শী নেতৃত্বের অভাবে কাশ্মীরের ভবিষ্যৎ অনিশ্চিত।
বেলুচিস্তান
বেলুচিস্তানের ইতিহাস রক্তে লেখা। বারবার তাদের আন্দোলন রুদ্ধ হয়েছে ।বারবার নেতৃত্বকে ছত্রভঙ্গ করা হয়েছে।আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির চাপেতাদের অবস্থান হয়েছে দুর্বল, স্বপ্ন হয়েছে ক্ষতবিক্ষত। তবুও স্বাধীনতার ভোর ফোটেনি—কারণ তাদের কপালে জোটেনি একজন শেখ মুজিব।
রক্ত ত্যাগের আগুনে স্বাধীনতার বীজ রোপিত হয়, কিন্তু সেই বীজকে পূর্ণ বৃক্ষে রূপ দিতে লাগে একজন শেখ মুজিব— যিনি স্বপ্ন দেখান, দিকনির্দেশ দেন, জাতিকে ঐক্যবদ্ধ করেন।
তাই বলা যায়— শুধু রক্ত নয়, স্বাধীনতার জন্যে লাগে একজন শেখ মুজিব।
![]()









