
শীতের আগমনেও ডুমুরিয়ার বিল ও জলাশয়ে এখন দেখা মিলছে না অতিথি পাখির
প্রতি বছর শীতের শুরুতে খুলনার ডুমুরিয়া উপজেলার বিল ডাকাতিয়া, মধুগ্রাম, মাগুরখালী, শোভনা, সাহস ও খর্ণিয়া ইউনিয়নের বিস্তীর্ণ বিল ও জলাশয়গুলোতে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখিরা আসতে শুরু করতো। নানা প্রজাতির অতিথি পাখির আগমনে মুখরিত হয়ে উঠতো এসব এলাকার বিল, ঘের ও জলাভূমি। অতিথি পাখিরা এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য যেমন বৃদ্ধি করতো, তেমনি তারা ভূমিকা রাখতো পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও।
তবে হঠাৎ করে গত বেশ কয়েক বছর যাবত আর দেখা মিলছে না এসব অতিথি পাখির। নিরাপদ আশ্রয় ও খাদ্য সংকট, নির্বিচারে পাখি নিধন, অপরিকল্পিত মাছের ঘের তৈরি এবং জীববৈচিত্র্য বিনষ্ট হওয়াসহ নানাবিধ বিষয়কে অতিথি পাখি না আসার কারণ বলছেন ডুমুরিয়ার স্থানীয় সচেতন মহল ও পাখিপ্রেমীরা।
স্থানীয়দের বরাতে জানা গেছে, অতিথি পাখিদের অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল উপজেলার বিল ডাকাতিয়ার একাংশ, গুটুদিয়া, রঘুনাথপুর, ভান্ডারপাড়া ও রংপুর ইউনিয়নের বিভিন্ন বিল-জলাশয়। এসব এলাকায় বিভিন্ন প্রজাতির বালি হাঁস, ল্যান্জা হাঁস, চখাচখি, পানকৌড়ি, ডাহুক, সরালী ও কাইম পাখিসহ অন্তত অর্ধশতাধিক প্রজাতির অতিথি পাখি আসতো। খাবারের সন্ধানে সুদূর সাইবেরিয়াসহ শীতপ্রধান বিভিন্ন দেশ থেকে উড়ে আসতো এসব পাখি।
সরেজমিনে গিয়ে জানা যায়, সুযোগসন্ধানী এক শ্রেণির অসাধু পাখি ব্যবসায়ী ও শিকারি ফাঁদ পেতে এবং বিষটোপ দিয়ে নির্বিচারে অতিথি পাখি শিকারে মেতে উঠতো। শুধু তাই নয়, গোপনে বিভিন্ন স্থানে বসতো এসব পাখি বিক্রির আসরও। আইনগতভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও জনসচেতনতার অভাব এবং নজরদারির ঘাটতির কারণে অবৈধভাবে অতিথি পাখি শিকার ও বিক্রি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। এ অবস্থায় গত কয়েক বছর ধরে অতিথি পাখিরা আর এ অঞ্চলে ভিড়ছে না। মাঝেমধ্যে কোনো কোনো বিলে গুটিকয়েক অতিথি পাখি চোখে পড়লেও শিকারিদের অত্যাচারে তারা অন্যত্র চলে যায়।
উপজেলার বিল ডাকাতিয়া পাড়ের কৃষক মজিবুর রহমান বলেন, “আগে শীত মৌসুমে অতিথি পাখিদের বিচরণে মুখর থাকতো বিলগুলো। দিন-রাত এসব পাখির কিচিরমিচির শুনতাম। কিন্তু গত কয়েক বছর ধরে আর অতিথি পাখিরা আসে না। কারণ বিলের প্রায় সব প্রাকৃতিক জলাশয় ভরাট হয়ে গেছে কিংবা বাণিজ্যিক মাছের ঘেরে পরিণত হয়েছে। এসব জায়গায় মানুষের বিচরণ ও কোলাহল বেড়ে গেছে। এসব কারণেই মূলত অতিথি পাখিদের নিরাপদ বিচরণক্ষেত্র এখন অনিরাপদ হয়ে পড়েছে।”
অন্যদিকে উপজেলার মাগুরখালী এলাকার বাসিন্দা মোহন মণ্ডল বলেন, “আমাদের এলাকার বিল ও নদী তীরবর্তী জলাশয়ে প্রচুর পরিমাণে অতিথি পাখি আসতো। দিনে এসব পাখি বিলে অবস্থান করতো এবং সন্ধ্যা হতেই আশ্রয় নিতো গ্রামের বিভিন্ন বাগান ও গাছগাছালিতে। কিন্তু বর্তমানে অতিথি পাখিরা না আসায় সেই দৃশ্য আর দেখা যায় না। শুধু অতিথি পাখিই নয়, বর্তমানে বক ও ঘুঘুসহ দেশীয় প্রজাতির পাখিও কমে যাচ্ছে। অসাধু শিকারিরা এগুলোকেও মেরে ফেলছে, যা খুবই দুঃখজনক।”
উপজেলা সদরের বাসিন্দা পাখিপ্রেমী ও সংস্কৃতিকর্মী শফিকুল ইসলাম বলেন, “এক সময় ডুমুরিয়ার প্রায় সবকটি বিলেই অতিথি পাখিরা আসতো। তখন বিলগুলো ছিল পাখিদের অভয়াশ্রম। কিন্তু সেই পরিবেশ এখন আর নেই। জলাভূমির ধরন বদলে যাওয়ায় ও গাছপালা কমে যাওয়ায় দেখা মেলে না এসব পাখির।”
এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সবিতা সরকার জানান, “এক সময় এ উপজেলার বিলগুলোতে প্রচুর পরিমাণে অতিথি পাখিরা আসতো বলে শুনেছি। এখন পরিবেশগত নানা কারণে তা কমে গেছে। তবে যদি কেউ অবৈধভাবে পাখি শিকার করে বা বন্য পাখির ক্ষতিসাধন করে, তাহলে বিষয়টি জানার সাথে সাথে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”
উপজেলা প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিথি পাখিসহ দেশীয় যেকোনো পাখি শিকার করা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। তবে বন্য পাখিদের নিরাপত্তা বিধানে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকেও আরও সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।
![]()









