
শিলিগুড়িতে ডাম্পারের ধাক্কায় নাবালক স্কুল ছাত্রের মৃত্যু
ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ির এক নম্বর ওয়ার্ডের রাজেন্দ্রনগর এলাকায় ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক নাবালকের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। মৃতের নাম উদিত ঝা। তিনি দেশবন্ধু হিন্দি হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। জানা যায়, শনিবার (১০ জানুয়ারি ) দুপুরে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল নাবালক। সেই সময় একটি ডাম্পার তাকে ধাক্কা মারে। ঘটনার পর তড়িঘড়ি নাবালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এদিকে ঘাতক ডাম্পারটিকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দিনের বেলায় ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
![]()









