- - -

রাষ্ট্রপতি হজে যাচ্ছেন

Print News

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনে শুক্রবার সৌদি আরব যাবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাষ্ট্রপতি শুক্রবার বিকালে রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন।’
তিনি আরও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমানে রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা ও অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে সেদিন দুপুর ২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবে।
সময়সূচি অনুযায়ী বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জেদ্দায় অবতরণ করবেন রাষ্ট্রপ্রধান। সেখানে অবস্থানকালে তিনি আল সাফা রয়্যাল প্যালেসে অবস্থান করবেন।
হজের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ১ জুলাই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মাজার জিয়ারতের জন্য মদিনায় যাবেন।
হজ ও জিয়ারত পালনে সৌদি আরবে ১০ দিনের সফর শেষে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমানে ২ জুলাই মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
তথ্যসূত্র: বাসস।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa