
যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস রচনার সূচনা দিন পালিত হচ্ছে সাতক্ষীরার সর্বত্রে। পরাধীনতার শিকল ছিঁড়ে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন আজ। ৫৫ বছর আগে ১৯৭১ সালের এই দিনে ডাক এসেছিল দেশকে পাকিস্তানি হানাদারের কবল থেকে মুক্ত করার। আনুষ্ঠানিক সূচনা হয়েছিল সশস্ত্র মুক্তিযুদ্ধের। ২৫ মার্চ দিনগত রাতের মধ্য প্রহরে পাকিস্তানি সেনাবাহিনী শুরু করে গণহত্যা।
স্বজন হারানোর শোককে শক্তিতে রূপান্তর করে ২৬ মার্চ থেকেই শুরু হয় প্রতিরোধ। এরপর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচার হত্যা, ধ্বংস ও পৈশাচিকতার বিরুদ্ধে ৯ মাসের মরণপণ লড়াইয়ে ৩০ লাখ শহিদের আত্মদানের বিনিময়ে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। সারাদেশের মত সাতক্ষীরার মানুষ আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে দেশের জন্য আত্মোৎসর্গকারী শহীদদের। সূর্যোদয়ের প্রথম প্রহর থেকে সীমান্তঘেঁষা এই জেলায় বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিবসটি।
প্রত্যুষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শহিদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন। একই সঙ্গে বীর শহিদ আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত ও দোয়া করা হয়। সকাল ৮টায় সাতক্ষীরা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। সেখানে জাতীয় সংগীত পরিবেশনের পর পুলিশ, আনসার, কারারক্ষী, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে মনোজ্ঞ মার্চপাস্ট ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, জেলা জামায়াতের আমির উপধ্যক্ষ মো. শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনসাধারণ।
বেলা ১০টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্টিত হয় দিবসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা।
দিবসটি উপলক্ষে সাতক্ষীরায় আরও যেসব কর্মসূচি পালিত হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী: খুলনা রোড মোড়, নিউ মার্কেট মোড় ও শহিদ আব্দুর রাজ্জাক পার্কসহ জনসমাগমস্থলে প্রজেক্টরের মাধ্যমে চলচ্চিত্র দেখানো হচ্ছে। সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও বৃদ্ধাশ্রমসহ বিভিন্ন জনসেবামূলক প্রতিষ্ঠানে পরিবেশিত হয় বিশেষ খাবার। বিকেল ৩টায় কালেক্টরেট স্কুল এন্ড কলেজে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান এবং বিকেল ৪টায় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রীতি ফুটবল ম্যাচ। সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটবে।
২০ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে ২৫ মার্চের গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিশেষ স্মৃতিচারণ সভার নির্দেশনা দেওয়া হয়।
![]()









