- - -

মৌসুমী ফল পেয়ে খুশি হাসপাতালের রোগী

Print News

চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের শারীরিক পুষ্টি ও মানসিক স্বস্তি নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে মৌসুমী এসব ফল বিতরণ করা হয়েছে। ফল পেয়ে রোগীরাও আআনন্দিত।

শনিবার (৬ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে এসব আম ও লিচু বিতরণ করা হয়। প্রতিটি রোগীকে দুটি করে আম ও ছয়টি করে লিচু দেওয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীদের পুষ্টির চাহিদা পূরণ, মানসিকভাবে চাঙ্গা রাখা এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ফল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কামরুল হাসানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অনেক রোগী দীর্ঘ সময় ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। এমন পরিস্থিতিতে ওষুধের পাশাপাশি পুষ্টিকর খাবার ও আন্তরিক আচরণ রোগীদের দ্রুত সুস্থ হয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই ভাবনা থেকেই মৌসুমী ফল বিতরণের আয়োজন করা হয়।

ফল হাতে পেয়ে অনেক রোগীকেই আনন্দ প্রকাশ করতে দেখা যায়। রোগীদের স্বজনরাও হাসপাতাল কর্তৃপক্ষের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার পাশাপাশি এ ধরনের মানবিক উদ্যোগ রোগীদের মনে ইতিবাচক প্রভাব ফেলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম বলেন, “রোগীদের শুধু ওষুধ দিলেই দায়িত্ব শেষ হয় না। তাদের পুষ্টি ও মানসিক সুস্থতার দিকেও সমান গুরুত্ব দিতে হয়। ছোট ছোট এমন উদ্যোগ রোগীদের মন ভালো রাখতে এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে সহায়তা করে।”

স্বাস্থ্যসেবায় মানবিকতা ও যত্নের এ উদ্যোগ স্থানীয়দের মাঝেও ইতিবাচক সাড়া ফেলেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa