
মুর্শিদাবাদের পৌরসভার জল পান করে অসুস্থ ৫০ জন, ১ জনের মৃত্যু
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ পৌরসভা থেকে সরবরাহ হওয়া নলবাহিত জল পান করে একসঙ্গে অসুস্থ ৫০ জন। অসুস্থদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। আরও ৪ জনের অবস্থা সংকটজনক বলে স্থানীয়ভাবে জানা গেছে। অসুস্থদের হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনাটি সংগঠিত হয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কামাত এলাকায়। অসুস্থদের দ্রুত অনুপনগর হাসপাতাল ও জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়ায় এলাকা জুড়ে আতংকের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ধুলিয়ান পৌরসভার তরফ থেকে মাইক প্রচার করে পৌরসভার জল না পান করার নির্দেশ দেওয়া হয়। এরপর সোমবার (১৫ ডিসেম্বর ) সকালে মৃত্যু হয় আয়েশা বিবি নামে এক মহিলার। জল পান করে মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। অসুস্থরা হাসপাতালে চিকিৎসাধীন। চাপের মুখে পড়ে ধুলিয়ান পৌরসভার পক্ষ থেকে ১১ নম্বর ওয়ার্ডে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প বসানো হয়।
![]()









