
মুম্বইয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১, আহত ৩
শনিবার (১৪ ফেব্রুয়ারী ) দুপুরে মুম্বইয়ের মুলুন্দ এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল বাণিজ্য নগরী। নির্মীয়মাণ মেট্রোর পিলারের একটি অংশ ভেঙে পড়ে প্রাণ হারালেন একব্যক্তি। এই ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। জানা যায়, এদিন মুম্বইয়ের ব্যস্ত এলবিএস রোডে দুপুর ১২টা ২০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। সেই সময় মেট্রোর পিলারে ঢালাইয়ের কাজ চলছিল। আচমকাই সিমেন্টের একটি বড় স্ল্যাব উপর থেকে সরাসরি নীচে চলন্ত একটি অটো রিকশার উপর ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থলেই পিষে যায় অটোটি। পাশাপাশি দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ও ব্যাপক ক্ষতি হয়েছে। খবর পাওয়া মাত্রই দমকল, স্থানীয় পুলিশ এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ভাগ্যবশত, অটোতে থাকা এক যাত্রীর মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ এই ঘটনার গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি অবিলম্বে ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে যে মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। আহতদের চিকিৎসার সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে। ব্যস্ত রাস্তায় এমন গফিলতি কিভাবে হল, তা খতিয়ে দেখছে প্রশাসন।
![]()









