- - -

ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবিস্মরণীয় প্রতীক জহুর আহমদ চৌধুরী: একুশে পদকপ্রাপ্তির যোগ্য একজন মহানায়ক

Print News

ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবিস্মরণীয় প্রতীক জহুর আহমদ চৌধুরী: একুশে পদকপ্রাপ্তির যোগ্য একজন মহানায়ক

– মো. কামাল উদ্দিন

পহেলা জুলাই। আজ মহান রাজনীতিবিদ জহুর আহমদ চৌধুরীর ৪৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৪ সালের এই দিনে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এক বিশাল রাজনৈতিক, সামাজিক ও মানবিক আদর্শের উত্তরাধিকার। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন থেকে শুরু করে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে—বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ বাঁকে তার বলিষ্ঠ পদচিহ্ন আজো ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছে। তবুও আজ গভীর দুঃখ ও বিস্ময়ের সাথে বলতে হয়, ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী, কারাবরণকারী এই সংগ্রামী নেতাকে আজো একুশে পদক প্রদান করা হয়নি। অথচ এই পদক প্রদানের সময় প্রায়শই বিতর্কিত কিংবা তুলনামূলক কম অবদান রাখা ব্যক্তিরাও সম্মানিত হন।
বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’তে জহুর আহমদ চৌধুরীর প্রতি যে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ রয়েছে, তা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। বঙ্গবন্ধু নিজেই সংসদে দাঁড়িয়ে এই নেতার মৃত্যুর পর তাঁর গুণ, ত্যাগ ও অবদানের কথা আবেগভরে উচ্চারণ করেছিলেন। জহুর আহমদ চৌধুরী ছিলেন বঙ্গবন্ধুর চার বছরের বড়, কিন্তু রাজনীতিতে ছিলেন তাঁর সহযোদ্ধা, ঘনিষ্ঠ বন্ধু এবং অগ্রণী সহচর। জহুর আহমদ চৌধুরীর জন্ম ১৯১৬ সালে চট্টগ্রামের কাট্টালি গ্রামে। গ্রাজুয়েশন শেষ করে তিনি শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি চট্টগ্রাম ডাক-শ্রমিক ইউনিয়ন ও বন্দর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে আন্দোলন করেছেন ১৯৪৬ সালে, অংশ নিয়েছেন সিলেট গণভোটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ধর্মঘটে এবং ভাষা আন্দোলনের সময় বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন চট্টগ্রামে।
২৩ জুন ১৯৪৯ সালে আওয়ামী লীগ গঠনের সময় থেকেই তিনি ছিলেন দলের অগ্রভাগে। ১৯৫১ সালে তাঁর কার্যালয় থেকেই চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের যাত্রা শুরু। এরপর চট্টগ্রামে খাদ্য আন্দোলন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে কারাবরণ, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে আইন পরিষদের সদস্য নির্বাচিত হওয়া, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনে অংশগ্রহণ ও কারানির্যাতন, সব মিলিয়ে তাঁর সংগ্রামী জীবন সত্যিকারের একটি রাজনৈতিক পাঠশালা।
বিশেষভাবে স্মরণীয় ২৫ মার্চ ১৯৭১-এর রাত। বঙ্গবন্ধু যেদিন পাকবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র ওয়ারলেসযোগে পাঠিয়ে দিয়েছিলেন চট্টগ্রামে জহুর আহমদ চৌধুরীর কাছে। এই বিশ্বাস, এই দায়িত্বভার প্রমাণ করে, তিনি কতটা গুরুত্বপূর্ণ এবং বিশ্বস্ত ছিলেন স্বাধীনতার ইতিহাসে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে তিনি শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন—প্রথমে তাজউদ্দিন আহমদের মন্ত্রিসভায়, পরে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায়। তাঁর কর্মকাণ্ড ছিল নিরলস ও নিরহংকারী। তিনি ছিলেন অসাম্প্রদায়িক রাজনীতির এক উজ্জ্বল প্রতীক, যিনি কখনো আপস করেননি অন্যায়ের সঙ্গে। আজ চট্টগ্রামবাসী, এমনকি গোটা জাতি, এই মহৎ নেতাকে ভুলতে বসেছে। তাঁর রাজনৈতিক, সামাজিক এবং ঐতিহাসিক অবদান যথাযথভাবে মূল্যায়ন হচ্ছে না। বিশেষ করে ভাষা আন্দোলনের সৈনিক হয়েও তাঁর প্রাপ্য একুশে পদক এখনো না পাওয়া জাতি হিসেবে আমাদের লজ্জার ও অবহেলার প্রতীক। চট্টগ্রামের আরেক গর্ব এম এ আজিজের পাশাপাশি জহুর আহমদ চৌধুরীও আমাদের গর্ব, আমাদের অহংকার। এই দুই মহান নেতাকে নিয়ে নতুন প্রজন্মের মধ্যে গর্ববোধ জাগানো ও চর্চা করানো আমাদের নৈতিক দায়িত্ব।
এই প্রেক্ষিতে আমি সরকারের কাছে বিনীত আবেদন জানাই—জহুর আহমদ চৌধুরীকে অবিলম্বে একুশে পদকে ভূষিত করা হোক। তাঁর অবদানকে স্মরণ করে তাঁকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক।
এই দাবির মধ্য দিয়ে আমরা শুধু একজন নেতাকে সম্মান জানাবো না, বরং ভাষা ও স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাসকে নতুনভাবে প্রতিষ্ঠিত করবো।
জয়তু জহুর আহমদ চৌধুরী।
জয়তু সত্যিকারের গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাজনীতি।

Loading

Facebook
Twitter
LinkedIn