
বৃদ্ধ বয়সে পুড়ল ঘর, লুট হলো সর্বস্ব, পরিবারসহ আহত আব্দুল মজিদ
রংপুরের পীরগাছায় পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ৭০ বছর বয়সী এক প্রবীণের বাড়িতে দফায় দফায় হামলা, বসতঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। বাধা দিতে গেলে হামলাকারীদের মারধরে প্রবীণ ও তাঁর স্ত্রী-সন্তানসহ পরিবারের কয়েকজন গুরুতর আহত হন।
এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুল মজিদ বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে পীরগাছা আমলি আদালতে সি.আর. মামলা করেছেন। আদালত অভিযোগ আমলে নিয়ে পীরগাছা থানাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এজাহার ও স্থানীয় সূত্র জানায়, ৬ নম্বর তাম্বলপুর ইউনিয়নের রহমতচর গ্রামের মৃত ইমান ব্যাপারীর ছেলে আব্দুল মজিদের সঙ্গে প্রতিবেশী একটি প্রভাবশালী মহলের দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। সহজ-সরল প্রবীণ হওয়ায় প্রতিপক্ষ নানা উপায়ে তাঁর সম্পত্তি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল বলে অভিযোগ।
মামলার বিবরণে বলা হয়, গত ১ নভেম্বর বিকেলে আসামিরা দলবদ্ধ হয়ে অতর্কিতে বাদীর বসতবাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং ঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও আসবাবপত্র পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়।
ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ২ নভেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে ফের বাদীর ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে সশস্ত্র হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা দোকানের তালা ভেঙে নগদ টাকা, এলইডি টিভি, আইপিএস, সিসি ক্যামেরা, ফ্রিজ ও গবাদিপশুসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
হামলা ঠেকাতে এগিয়ে এলে প্রধান আসামির নির্দেশে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে আব্দুল মজিদ, তাঁর স্ত্রী, সন্তান ও কয়েকজন সাক্ষীকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে।
![]()









