
বীরগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক -৩
দিনাজপুরের বীরগঞ্জে রাতভর বিশেষ অভিযান চালিয়ে বাড়ী থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৩ চোরকে আটক করেছে বীরগঞ্জ থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে (১০ জানুয়ারি ২০২৪) বুধবার রাতে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নেতৃত্বে এসআই শাহজাহান সিরাজ, এসআই মমিন, এসআই আনসারুল, এএসআই সিরাজ আওয়াদসহ সঙ্গীয় চৌকস পুলিশ ফোর্স অভিযান চালিয়ে উপজেলার সুজালপুর ইউনিয়নের মুড়ি ওয়ালা গ্রামের হাবিবর রহমানের বাড়ী থেকে চোরাইকৃত তিনটি মোটরসাইকেল উদ্ধার করে।
এসময় চুরির সঙ্গে জড়িত থাকায় পুলিশ সুজালপুর ইউনিয়নের জগদল মুড়ি ওয়ালা গ্রামের খোকা মিয়ার ছেলে মোঃ হবিবর রহমান (৪০), জগদল ডাঙ্গাপাড়া গ্রামের আক্কাছ আলীর ছেলে মোঃ আল-আমিন (৩০), ও একই এলাকার মৃত রজব আলীর ছেলে মোঃ জামাল(২৫) কে আটক করেছে ।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি গভীর রাতে সুজালপুর গ্রামীণ ব্যাংক শাখা থেকে তিনটি মোটরসাইকেল চুরি গেলে উক্ত গ্রামীণ ব্যাংক শাখার কর্মচারী মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে থানা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল উদ্ধারসহ তিনজন কে আটক করেছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত তিনজনকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
![]()









