
বর্তমান কিছু সমাজপতির হালচা
ড. বরসম্বোধি ভিক্ষ
আমরা শৈশবে রামসুন্দর বসাকের বাল্যশিক্ষায় পড়েছি-‘দোষ করলে লজ্জিত হও।’ বাল্যশিক্ষায় এ নীতিবাক্যটি হয়তো অনেকেই পড়েছেন। কিন্তু বর্তমানে কিছু কিছু লোক রয়েছেন যাঁরা নিজের বা নিজের পরিবারের বা নিজের পক্ষের বা নিজের সংস্থার কারো দোষ দেখিয়ে দিলে তা লজ্জিত হয়ে সংশোধন করার সঙ্কল্প গ্রহণের পরিবর্তে বরং দোষকে বৈধতা দানের জন্য অন্যকেও প্রদর্শন করতে থাকেন। দাম্ভিকতার সাথে দেখাতে থাকেন যে, অমুকেও তো করেছে। অর্থাৎ অমুকে করতে পারলে আমি করলে দোষ কোথায়! ইহা কখনও একজন প্রকৃত বৌদ্ধের আচরণ হতে পারেনা। মহাকারুণিক বুদ্ধ একজন প্রকৃত বৌদ্ধ অর্থাৎ জ্ঞানীর লক্ষণ দর্শাতে গিয়ে ধম্মপদের পণ্ডিত বর্গে বলেছেন-
‘নিধীনং’ব পবত্তারং যং পস্সে বজ্জদস্সিনং,
নিগ্গয্হবাদিং মেধাবিং তাদিসং পণ্ডিতং ভজে।
তাদিসং ভজমানস্স সেয্যো হোতি ন পাপিযো’
অর্থাৎ যিনি তোমার দোষ ক্রটি দেখিয়ে দেন এবং দোষ জনিত কারণে ভৎর্সনা করে থাকেন, সে মেধাবী বা ধীমান ব্যক্তিকে গুপ্তসম্পদ প্রদর্শকের ন্যায় জানবে। যে ব্যক্তি সেরকম ধীমান পণ্ডিতের ভজনা করে, শ্রদ্ধা, সম্মান ও গৌরব করে থাকে, তার কদাপি অমঙ্গল হয়না।
একই বর্গে বুদ্ধ আবার পণ্ডিত -মুর্খের লক্ষণ বর্ণনা করে বলেছেন-
‘ওবদেয্যানুসাসেয্য অসব্ভা চ নিবারযে,
সতং হি সো পিযো হোতি অসতং হোতি অপ্পিযো।’
যিনি উপদেশ দিয়ে দোষ দেখিয়ে দেন, অনুশাসন করে থাকেন এবং অসভ্যতা-উশৃঙ্খলতা নিবারণের জন্য বলে থাকেন, তিনি সৎ লোকের দ্বারা প্রিয় ও শ্রদ্ধেয় হন এবং অসৎ লোকের দ্বারা অপ্রিয় ও অশ্রদ্ধেয় হন।
মহাজ্ঞানী বুদ্ধের উপরিউক্ত বাণীর আলোকে আমরা দেখতে পাচ্ছি যে, কিছু কিছু ব্যক্তি যাঁরা নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়াস রত আছেন বা নিজেদেরকে নেতা বলে কেহ উপস্থাপন করলে স্ফীত-গর্বিত হন, সেরকম অনেকে দোষ প্রদর্শকের প্রতি কৃতজ্ঞতা পোষণের পরিবর্তে উল্টা উপদেশ দিয়ে জ্ঞান দিতে থাকেন।
এখানে বুদ্ধগয়ায় সতের বছর পূর্বে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনার কথা প্রসঙ্গ ক্রমে উল্লেখ করছি। দেশ-বিদেশে হতে খ্যাতি লাভ করেছেন সমাজের এরকম প্রথম সারির ভিক্ষু তথা কতিপয় নেতার সঙ্গে নারীর সাথে স্বামী-স্ত্রীর ন্যায় বসবাসরত আছে এরকম জনৈক এক ভিক্ষু সম্পর্কে চর্চা হচ্ছিল এবং বিদর্শনাচার্য ড. রাষ্ট্রপাল মহাথের কেনো তা মিডিয়ায় প্রকাশ করেছিলেন সে জন্য তাঁর সমালোচনা করছিলেন। তাঁরা সবাই সে দুরাচারী ভিক্ষুর পক্ষ নিয়ে আমাকে বলেছিলেন যে, আপনারাই তো বুদ্ধের উদ্ধৃতি দিয়ে দেশনা করে থাকেন-‘এক সময় ভিক্ষুদের গায়ে চীবরও থাকবেনা। গৃহস্থের মতো ক্রিয়াকাণ্ড করবেন এবং হাতের আঙ্গুলের মধ্যে কেবল লাল ফিতা মুড়িয়ে ভিক্ষু বলে পরিচয় দিবেন। তাঁদেরকে সামনে রেখে সঙ্ঘ উদ্দেশ্যে দান করলে তাতেও তো মহাপুণ্য হবে।’ তাহলে আলোচ্য ভিক্ষু তো আর সেরকম নন। তাঁর গায়ে তো এখনও চীবর আছে। তাঁকে পদক দিয়ে সম্মান জানালে দোষ কোথায়?
আমি তাঁদেরকে বলেছিলাম তাহলে আপনারা নিজেদের দারা-ধীতাদেরকেও সে ভিক্ষুদেরকে দান দিয়ে তাদের সাথে শুতে দিন এবং শীলবান বলে তাঁদেরকে পূজা করুন। এরকম বলাতে আমার উপর ক্ষেপে গিয়েছিলেন।
আরও একবার ভিক্ষুদের দুঃশীলতার বিষয়ে কথা উঠলে একজন সমাজনেতা ও আন্তর্জাতিক বৌদ্ধ নেতা দাবী করা ব্যক্তি বলেছিলেন-‘ভন্তে! কেশ বাছতে বাছতে কম্বলও থাকবেনা। সুতরাং এগুলি না বলাই উত্তম।’ এভাবে তাঁরা দোষকে প্রকাশ্যে সমর্থন করেন এবং উল্টা দোষ প্রদর্শনকারীকেই জ্ঞান দিতে থাকেন। কেননা তাঁরা যাঁদের লেজুর বৃত্তি করে প্রসিদ্ধি লাভ করতে চেষ্টা করছেন, যদি তাঁদের দোষ না ঢাকেন তাহলে নিজেরাও সুবিধা বঞ্চিত হবেন। এরকমই হল আমাদের সমাজে নেতৃত্বদানকারী নেতাদের মন-মানসিকতা। তাঁরা সমাজকে কি দিশা দেখাবেন এবং সমাজও তাঁদের কাছ হতে কিরকম মার্গদর্শন পেয়ে থাকবেন? তাঁদেরকে দেখা যায়, তাঁরা কদাপি ভিক্ষুর সাথে সম্মান সূচক দূরত্ব রেখে অবস্থান করেননা। আবার অনেক নেতা এমন আচরণ করেন যেন ভিক্ষুরা তাঁদের সমকক্ষ বন্ধু বা আজ্ঞাবহ ক্রীতদাস। এক সঙ্গে সম আসানে বসে আড্ডা দেন এবং নিজেদেরকে আপ্যায়নের জন্য অন্য অধস্তন ভিক্ষুদের নির্দেশ দেন। ভিক্ষুদেরও নিজেদের পর্যাপ্ত শীল বিশুদ্ধি না থাকায় দাম্ভিকপূর্ণ গৃহস্থদেরকে জী হুজুর করে করে আজ্ঞাবহ ভৃত্যের মত কাউকে মামা, কাকা, ভাই, মামী, মাসী ইত্যাদি সম্বোধন করে গৃহস্থের ন্যায় আচরণে বাধ্য থাকেন। এভাবে ভিক্ষুরা আশ্রিত হয়ে নিজেদের আত্ম-মর্যাদা বিসর্জন দেওয়াতে আজ অনাকাঙ্ক্ষিত দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে। শুনা যায় অনেক হীনবীর্য ভিক্ষু নিজেদের পদ-পদবী রক্ষার জন্য নেতা-নেত্রীদেরকে নিয়মিত মাসোহারা এবং উপঢৌকনও দিতে হয়। এগুলি সরাসরি বুদ্ধ এবং পবিত্র বুদ্ধবস্ত্র চীবরের অপমান ছাড়া আর কি! যা শাসন পরিহানীরই নামান্তর।
তথাগত বুদ্ধ কোশলরাজ প্রসেনজিতকে উদ্দেশ্য করে বলেছিলেন-
‘তস্মাহি পণ্ডিতো পোসো সম্পস্সং অততং অত্তনো,
ভূজঙ্গমং পবকং চ খত্তিয়া চ যসস্সিনো,
ভিক্খুং চ সীলসম্পন্নং সম্পাদেব সমাচরে।’
মহারাজ! চারজন যতই ক্ষুদ্র হোকনা কেনো তাদেরকে কখনও অবজ্ঞা, অবহেলা ও তুচ্ছভাবা উচিত নয়। তারা হল-১) সর্প, অগ্নি, ক্ষত্রিয় রাজকুমার এবং শীলবান ভিক্ষু-শ্রামণ।
বিষধর সর্প ছোট হলেও সমান বিষ থাকে। সেও যদি দংশন করে মৃত্যুর আশঙ্কা থাকে। অগ্নি যদি ক্ষুদ্রও হয় তাতেও ঘর, গ্রাম, নগর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা থাকে। ক্ষত্রিয় রাজকুমারকে বাচ্চা বলে অবহেলা করলে বড় হয়ে ক্ষমতা হস্তগত করে প্রতিশোধ নিয়ে মহা অনিষ্ট সাধন করতে পারে এবং ভিক্ষু-শ্রামণ নবীন হলেও তাঁদের শীলগুণের প্রভাব থাকে। তৎদ্বারা ইহ-পারত্রিক অহিত হয়। এজন্য ক্ষুদ্র হলেও এ চারজনকে কখনও অবজ্ঞা-অবহেলা করতে নেই।
আমাদের ভিক্ষু-শ্রামণ এবং উপাসক-উপাসিকাদের উচিত পরস্পরের দূরত্বে অবস্থান করে দিনচর্যা পরিচালনা করা এবং যার যার ধম্মানুসারে কর্তব্য কর্ম সম্পাদন করা।
আমাদের শাস্তা বুদ্ধ কর্তৃক নির্দেশিত নিন্দিত বিষয় আচরণে আমাদের ভয় ও লজ্জা থাকা উচিত। কখনও সীমা লঙ্গন করা উচিত নয়। বুদ্ধ আমাদেরকে বার বার সতর্ক করে ধম্মপদের নিরয় বর্গে বলেছেন-
‘অলজ্জিতাযে লজ্জন্তি, লজ্জিতাযে ন লজ্জরে,
মিচ্ছাদিট্ঠি সমাদানা সত্তা গচ্ছন্তি দুগ্গতিং।’
অর্থাৎ যে কর্মে লজ্জা করতে নেই তাতে লজ্জা করলে এবং যে কর্ম করলে লজ্জা করতে হয় তাতে লজ্জা না করা মিথ্যাদৃষ্টি পরায়ন ব্যক্তিগণ দুর্গতি প্রাপ্ত হন।
তেমনি যা বর্জনীয় তা গ্রহণ করলে এবং যা গ্রহণীয় তা বর্জন করলে সে মিথ্যাদৃষ্টিক ব্যক্তিও দুর্গতি প্রাপ্ত হয়।
![]()









