
বঙ্গবন্ধুর আদর্শের বাইরে গিয়ে শেখ হাসিনার ভুল পদক্ষেপ
মো. কামাল উদ্দিন
ছিঃ ছিঃ ছিঃ! লজ্জা হয়, শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর যেভাবে সুবিধাবাদী নেতারা দেশত্যাগের প্রতিযোগিতায় নেমেছে, তা দেখে সত্যিই ঘৃণায় মন ভরে যায়। এসব তথাকথিত নেতাদের মুখে থুতু নিক্ষেপ করতে ইচ্ছে হয়। বঙ্গবন্ধুর নামে রাজনীতি করে যারা শেখ হাসিনার ছায়ায় লবণ খেয়েছে, তারা আজ দিশাহারা হয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। অথচ, তারা যদি সত্যিকার অর্থে এ দেশের মানুষের জন্য কাজ করত, তাহলে এভাবে চোরের মতো পালিয়ে যেতে হতো না। বঙ্গবন্ধুর নাম বিক্রি করে তারা নিজেদের স্বার্থ হাসিল করেছে, কিন্তু কখনোই বঙ্গবন্ধুর দেশপ্রেমকে গ্রহণ করতে পারেনি। তাদের মনে সততার সাহস নেই, কারণ তারা ক্ষমতার অপব্যবহার করে নানা অপকর্মে লিপ্ত ছিল। তাই তারা জানে, তাদের অপরাধের জন্য কোনো ক্ষমা নেই।
একটি সাজানো-গোছানো দেশ আজ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে—এর দায়ভার কে নেবে? হাজারো মানুষের মুখে আজ একই প্রশ্ন: বঙ্গবন্ধুকে কেন জাতির কাছে প্রশ্নবিদ্ধ করা হলো? এর দায়ভার শেখ হাসিনা এবং তার তোষামোদকারীদেরই নিতে হবে। চলুন, এ বিষয়ে একটু পর্যালোচনা করে দেখি-আজকের রাজনৈতিক সংকটের মূলে কি?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের ইতিহাসের অন্যতম প্রধান স্তম্ভ। তিনি যে স্বপ্ন দেখেছিলেন, তা ছিল একটি বৈষম্যহীন ও সমতাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার, যেখানে ধর্ম, বর্ণ, ভাষা বা সামাজিক অবস্থানের কারণে কেউ বৈষম্যের শিকার হবে না। তবে, আজকের রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। আমরা দেখছি যে বঙ্গবন্ধুর সেই বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন এখনো পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। বরং, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সমাজে বিভাজন বেড়েছে। এই বিভাজনের পেছনে কে বা কারা দায়ী, তা নিয়ে আজকের লেখায় আলোচনা করবো।শেখ হাসিনার রাজনীতি ও ভুল পদক্ষেপ:
শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে তার দীর্ঘ রাজনৈতিক জীবনে কিছু গুরুতর ভুল পদক্ষেপও রয়েছে, যা দেশের বর্তমান সংকটকে বাড়িয়ে তুলেছে।
প্রথমত, বঙ্গবন্ধুর আদর্শ ও নীতি থেকে বিচ্যুত হওয়া। শেখ হাসিনা যদি বঙ্গবন্ধুর আদর্শে সত্যিকারের বিশ্বাসী হতেন, তবে হয়তো তার রাজনৈতিক পথ এতটা কণ্টকাকীর্ণ হতো না। বঙ্গবন্ধু ক্ষমতায় থেকেও বৈষম্যের বিরুদ্ধে লড়েছেন, তবে শেখ হাসিনার শাসনকালে বৈষম্যের মাত্রা আরো গভীর হয়েছে।
দ্বিতীয়ত, রাজনৈতিক প্রতিহিংসার উদাহরণ সৃষ্টি করা। বঙ্গবন্ধু রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি উদারতা দেখিয়েছেন, কিন্তু শেখ হাসিনার শাসনে আমরা এর উল্টো চিত্র দেখছি। প্রতিহিংসার রাজনীতি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে এবং জনগণের মধ্যে ভীতি সৃষ্টি করেছে।
তৃতীয়ত, রাষ্ট্র পরিচালনায় দূরদর্শিতার অভাব। বঙ্গবন্ধু তার নেতৃত্বের প্রতিটি ক্ষেত্রে দূরদর্শিতা দেখিয়েছেন, কিন্তু শেখ হাসিনা একাধিক ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগেছেন। এর ফলে দেশ পরিচালনায় নানা সংকট সৃষ্টি হয়েছে। রাজনৈতিক
আত্মকথন প্রয়োজন- আজকের সংকটের জন্য দায়ী কে? আজকের এই অরাজক পরিস্থিতির জন্য কে দায়ী—এ প্রশ্নের উত্তর নিশ্চয়ই সারাদেশের মানুষ জানেন। বিচারহীনতার সংস্কৃতি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গণহারে চাঁদাবাজি, প্রকাশ্য দুর্নীতি, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার, সর্বত্র দলীয়করণ, বিরোধীদের রাজনীতির ময়দানে ঠাঁই না দেওয়া, ভোটারবিহীন নির্বাচন, খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা, রাজনৈতিক কিছু নেতাদের তোষামোদ, শেখ হাসিনার দূরদর্শিতার অভাব, ক্ষমতার অপব্যবহার—সবকিছুতেই বৈষম্যের প্রকাশ ঘটেছে। এই সমস্ত বিষয় বিবেচনা করলে, আজকের অরাজকতার জন্য দায়ী কে? দেশ এখন এক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। আমরা কেউ বুঝতে পারছি না, দেশ কোন দিকে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ ধরনের দেশ চেয়েছিলেন কি? তিনি যে দেশের স্বপ্ন দেখেছিলেন, তার কন্যা কি সেই দেশ সাধারণ মানুষের কাছে যথাযথভাবে উপস্থাপন করতে পেরেছেন? আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন বিশ্বাসী, কিন্তু তাদের শাসন ও আচরণের কারণে সাধারণ মানুষ তাদের শাসন
কোনোভাবেই মেনে নেননি,যারা এখন দেশ চালাচ্ছেন বা যারা আগামী নির্বাচনে গণতান্ত্রিকভাবে সরকার গঠন করবেন, তারাও যদি পূর্ববর্তী সরকারের মতো ভুল করেন, তবে একইভাবে মাসুল দিতে হবে। আমাদের দেশপ্রেমিক ছাত্র সমাজ রাষ্ট্র সংস্কারের জন্য যে ত্যাগ স্বীকার করেছে, তা যেন বৃথা না যায়। আমার বিশ্বাস, ছাত্ররা দেশপ্রেমের যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অব্যাহত থাকলে আমাদের দেশ এগিয়ে যেতে সময় লাগবে না।
চারদিন সরকারবিহীন দেশ চলেছে, সেখানে ছাত্র সমাজের ভূমিকা ছিল প্রশংসনীয়। এই ভয়াবহ বন্যায় আমরা আবারও প্রমাণ করেছি যে, আমরা দলমত নির্বিশেষে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। ধর্মীয় এবং জাতিগত বৈষম্য বা অজুহাত দিয়ে হানাহানি, রাহাজানি, অরাজকতা ও নাশকতার বিরুদ্ধে কোমলমতি ছাত্রসমাজকে প্রতিরোধ গড়ে তোলার জন্য এগিয়ে আসতে হবে।
পুলিশের প্রতি মানুষের আত্মবিশ্বাস ধরে রেখে, তাদের জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করার কোনো বিকল্প নেই। দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে পুলিশকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। পরিশেষে, আবারও বলি, আজকের এই অবস্থার জন্য দায়ী কে? নিজেদের ভুলের জন্য অনুশোচনা করুন—নিজের সমালোচনা নিজে করুন। আমি কি করেছি এবং আমার কি করা প্রয়োজন ছিলো, তা নিয়ে ভাবুন। মনে রাখবেন, ক্ষমতার বরাই বেশিদিন থাকে না।নিষ্ক্রান্ত পথ ও সমাধান: বর্তমান রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজন বঙ্গবন্ধুর আদর্শে ফিরে যাওয়া। শেখ হাসিনা যদি সত্যিই বঙ্গবন্ধুকে অনুসরণ করতেন, তবে তাকে হয়তো পদত্যাগ করে দেশ ছাড়ার চিন্তা করতে হতো না। বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী, রাষ্ট্র পরিচালনা করতে হলে রাজনৈতিক প্রতিহিংসার পথ থেকে সরে আসা এবং দেশকে একটি সংহত, বৈষম্যহীন সমাজের দিকে এগিয়ে নিয়ে যাওয়া জরুরি। শেষত, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভূমিকা আজ প্রশ্নবিদ্ধ হয়েছে, তা শেখ হাসিনার ভুলের কারণেই। যদি বঙ্গবন্ধুর আদর্শ সত্যিকার অর্থে অনুসরণ করা হতো, তবে বাংলাদেশ আজ এক ভিন্ন পরিস্থিতিতে থাকতো। শেখ হাসিনার উচিত নিজ ভুলগুলো স্বীকার করে, বঙ্গবন্ধুর আদর্শের আলোকে রাজনৈতিক পুনর্গঠন শুরু করা
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট এবং শেখ হাসিনার নেতৃত্বের ত্রুটি নিয়ে বিশদ আলোচনা করা গেলে তা একটি দীর্ঘ লেখার আকার ধারণ করবে। তবে, মূল কথাটি হলো, বঙ্গবন্ধুর বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্নের পথে যদি আমরা চলতে চাই, তবে আমাদের রাজনৈতিক নেতৃত্বকে সেই আদর্শের প্রতি অনুগত থাকতে হবে। শেখ হাসিনার ভুল পদক্ষেপগুলো আমাদের সেই পথে এগোতে বাঁধা সৃষ্টি করছে। এখনই সময় সঠিক পথে ফিরে আসার।
পরিশেষে কিছু কথা বলতে চাই—বর্তমানে রাষ্ট্র পরিচালিত হচ্ছে একটি অরাজনৈতিক সরকারের মাধ্যমে। ভবিষ্যতে হয়তো কোনো রাজনৈতিক দল আবার ক্ষমতায় আসবে, তবে আজকের সময়ে এসে আওয়ামী লীগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে প্রতিটি রাজনৈতিক দলকে সংস্কার করা প্রয়োজন। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে প্রতিটি রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চা করতে হবে। বর্তমানে কোনো দলের মধ্যেই নেতাকর্মীদের কথা বলার স্বাধীনতা নেই। যদি সত্যিকার অর্থে কথা বলার স্বাধীনতা দেওয়া হয়, তাহলে কোনো দলই অগণতান্ত্রিক আচরণ করতে পারবে না। তাছাড়া, হানাহানি ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশ গড়ার অঙ্গীকার নিয়ে সব রাজনৈতিক দলকে এগিয়ে যেতে হবে।
লেখকঃ সাংবাদিক গবেষক টেলিভিশন উপস্থাপক।
![]()









