
ফটিকছড়িতে শাহ এমদাদীয়ার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং ক্যাম্প
গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মওলানা শাহ্ সূফি সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.)-এর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ৯টা থেকে ফটিকছড়ির নানুপুরের গামরীতলায় অবস্থিত মাইজভাণ্ডার আহমদীয়া এমদাদীয়া মাদ্রাসায় মানবসেবার এই মহতী কার্যক্রম শুরু হয়।
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া)-এর গামরীতলা ও ঢালকাটা দায়রা শাখা উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ এবং সহযোগিতায় ছিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম। অনুষ্ঠান মোট ৫০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয় এবং ৩০০ ব্লাড গ্রুপিং করা হয়।
আওলাদে রাসুল, সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মওলানা শাহ্ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবারে গাউছুল আজম সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের দপ্তর ও পাঠাগার সম্পাদক আহসানুল হক বাদল, চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, দারুততায়ালীম সম্পাদক মওলানা মুহাম্মদ সালাহ উদ্দীন, স্থানীয় জনপ্রতিনিধি রমজান আলী।
“রক্ত দিয়ে জীবন বাঁচাই এবং মানবতার কল্যাণে এগিয়ে আসি”—এই মহান আহ্বানে সাড়া দিয়ে সকাল থেকেই স্থানীয় জনসাধারণ ও ভক্তবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান ও ব্লাড গ্রুপিং কার্যক্রমে অংশগ্রহণ করছেন। আয়োজকদের প্রত্যাশা, এই ধরনের উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহায়তার মানসিকতাকে আরও সুদৃঢ় করবে।
গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মওলানা শাহ্ সূফি সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.)-এর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত মোট ৫০০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।
![]()









