
পশ্চিমবঙ্গের বর্ধমানে গাড়ি দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু
বছরের প্রথম দিন ভয়াবহ দুর্ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে। চারচাকা গাড়িটি একটি তেলের ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এ মর্মান্তিক দুর্ঘটনায় প্রান গেল একই পরিবারের ৩ জনের। মৃতদের নাম শেখ শাহনাওয়াজ (২৭), শেখ মহম্মদ মুর্শেদ (৫৫), রেজিনা খাতুন ( ৫২)। তাঁরা দূর্গাপুর সিটি সেন্টারের বাসিন্দা। শেখ শাহনাওয়াজ চাকরি সূত্রে মুম্বইয়ে থাকেন। ছুটিতে দুর্গাপুরের বাড়িতে এসেছিলেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি ) কর্মস্থলে ফিরে যাচ্ছিলেন। শাহনাওয়াজকে ছাড়তে কলকাতা বিমানবন্দরে আসছিলেন বাবা- মা। সেই সময়ই দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। তাতেই প্রাণ গেল সবার। পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, এদিন বিকাল ৫টায় দুর্ঘটনাটি সংগঠিত হয় শক্তিগড় থানা এলাকায়। দুর্গাপুর থেকে দমদম বিমানবন্দরের দিকে আসার রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তেলের ট্যাংকারে ধাক্কামারে চারচাকা গাড়িটি। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি থেকে চালক সাহেব মুন্সী সহ আহতদের নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে বাবা- মা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। চালক আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কি করে দুর্ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
![]()









