
পল্লবী থানা ছাত্রদলের নেতা এবং পল্লবী এলাকার কিশোর গ্যাংয়ের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা
৩ আগস্ট, রাত প্রায় পৌনে একটার দিকে, সন্ত্রাসী ‘পাতা সোহেল’ এবং মিরপুরের কিশোর গ্যাংয়ের প্রধান, অস্ত্র ব্যবসায়ী আশিক — এই দুই গ্রুপের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি গুলি বিনিময়। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বারবার ধাওয়া ও পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে সাধারণ মানুষ।
একপর্যায়ে, সবুজ বাংলা গেটের ভিতর থেকে আশিক নিজের হাতে থাকা পিস্তল দিয়ে গুলি ছোড়ে। একটি গুলি গিয়ে লাগে রাস্তা দিয়ে বাসায় ফিরতে থাকা এক যুবকের শরীরে। তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। ঠিক তখনই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিতি টের পেয়ে দুই গ্রুপ দ্রুত ছত্রভঙ্গ হয়ে পড়ে।
আহত যুবককে এলাকাবাসী দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
পরে এলাকাবাসীর সূত্রে জানা যায়, দুই গ্রুপের মধ্যে মূল দ্বন্দ্ব তৈরি হয় অস্ত্র ও টাকার ভাগাভাগি নিয়ে। উল্লেখ্য, গত বছর, ৫ আগস্ট, পল্লবী ও মিরপুর থানায় ‘লুট হওয়া অস্ত্র’ নিয়ে এই দুই পক্ষের মধ্যে আরেকটি সংঘর্ষ হয়েছিল।
![]()









