
- নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার, নিত্যপণ্যের দাম কমানো, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে সিপিবি কোতোয়ালি থানার চট্টগ্রামের সমাবেশ
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার, নিত্যপণ্যের দাম কমানো, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে গতকাল ১৯ আগস্ট, ২০২৩, শনিবার বিকাল ৫ টায় নগরীর আন্দরকিল্লা মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কোতোয়ালি থানা, চট্টগ্রামের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবি কোতোয়ালি থানা, চট্টগ্রামের সভাপতি প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, সম্পাদক মন্ডলীর সদস্য ফরিদুল ইসলাম, সদস্য রেখা চৌধুরী, রাশিদুল সামির, যুব নেতা অভিজিৎ বড়ুয়া প্রমুখ।
বক্তারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে অস্থিরতা। বর্তমানে ক্ষমতায় যারা আছে এবং যারা শুধুমাত্র ক্ষমতায় যেতে চায় কেউই জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করেনা। তারা বিদেশি শক্তির উপর ভর করে মসনদে বসতে চায়। অর্থনীতি এখনো নিয়ন্ত্রণহীন। সারা দেশে বাজারে আগুন জ্বলছে। দেশের বিপুল অংশের শ্রমজীবী মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। গোটা বাজার আজ গুটিকয়েক ব্যবসায়ি সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। মানুষের মাঝে উদ্বগ- উৎকণ্ঠা। হামলা, মামলা ও নির্যাতন ও ভয়ের রাজনীতি ছড়িয়ে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। মিছিল-মিটিং ও বাক স্বাধীনতার অধিকার নাই। এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নাই।বর্তমান সরকার আমাদের ভাতের অধিকারই কেড়ে নেয়নি, ভোটের অধিকারও কেড়ে নিয়েছে।
বক্তারা বলেন, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের সুযোগ এখন আমাদের দেশে নাই। বর্তমান সংসদ না ভেঙ্গে নির্বাচন করলে নিরপেক্ষ নির্বাচন হবে না। চলমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন করতে হবে।
যে নির্বাচন ব্যবস্থা, টাকার খেলা, পেশীশক্তি, প্রশাসনিক কারসাজির খেলা সরকারগুলো বহাল রেখেছে তাতে জনগণের মতামতের প্রতিফলন ঘটার কোনো সুযোগ নাই। এ ভোটের নামে প্রহসন, গদি পরিবর্তন জনগণের জীবন মানের অবস্থার কোনো পরিবর্তন হয় না। কাজেই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে নির্বাচন ব্যবস্থার আমূল সংষ্কার করতে হবে। পুরো ব্যবস্থা বদল করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন করতে হবে। দুর্নীতিবাজ, লুটপাটকারী, টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে হবে। পাচারের টাকা ফেরত এবং সাম্রজ্যবাদী ও আধিপত্যবাদী, বিদেশি শক্তির অপতৎপরতা রুখে দাড়ানোর আহ্বান জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কোতোয়ালি থানা, চট্টগ্রামের নেতৃবৃন্দ।
তাই এই সঙ্কটময় সময়ে কমিউনিস্ট পার্টিকে সর্বোচ্চ শক্তি নিয়ে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার, নিত্যপণ্যের দাম কমানো, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন, দুর্নীতিবাজ, লুটপাটকারী, টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, পাচারের টাকা ফেরত আনা এবং সাম্রজ্যবাদী ও আধিপত্যবাদী, বিদেশি শক্তির অপতৎপরতা রুখে দাড়ানোর বিরুদ্ধে তীব্র গণসংগ্রাম গড়ে তুুুুলতে হবে।
![]()









