- - -

“নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত

img 20261123 wa0381
Print News

“নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত

 

প্রবাসে বাংলাভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে ‘লেখকের অঙ্গন’-এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার,নভেম্বর ২১, ২০২৬, নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে সাহিত্যপ্রেমী, কবি, লেখক ও পাঠকদের প্রাণবন্ত উপস্থিতিতে এ সাহিত্যসভাটি ‘নীরা কাদরী’র পরিচালনায় অনুষ্ঠিত হয়।
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শহীদ কাদরীর সাহিত্যভাবনাকে ধারণ করে ‘লেখকের অঙ্গন’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক নীরা কাদরী দীর্ঘদিন ধরে প্রবাসে বাংলা সাহিত্যচর্চার এক অনন্য পরিমণ্ডল গড়ে তুলেছেন। তাঁর উদ্যোগে নবীন ও প্রবীণ লেখকদের মধ্যে বইপাঠ, গ্রন্থালোচনা ও সাহিত্যবিষয়ক মুক্ত মতবিনিময়ের মাধ্যমে একটি সৃজনশীল সেতুবন্ধন তৈরি হয়েছে, যা বাংলা সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।খবর বাপসনিউজ ও আইবিএননিউজ।প্রথমে কবি ও সাবেক ব্যাংকার মোহাম্মদ মহিবুর রহমান আলোচনা করেন হুমায়ূন আহমেদের ” প্রেমের গল্প” থেকে ‘সুখী মানুষ’, ‘অতিথি’ ও ‘শঙ্খমালা’ গল্প নিয়ে। মানুষের সুখ, দুঃখ, অনুভূতি, সম্পর্ক ও জীবনবোধের বিভিন্ন দিক আলোচনায় উঠে এসেছে। লেখক সহজ ভাষা, সাবলীল বর্ণনা ও চরিত্রের স্বাভাবিক উপস্থাপনায় গল্পগুলোকে রোমান্টিকভাবে আকর্ষণীয় করে তুলেছেন। সাধারণ ঘটনার মধ্যেও লেখক মানুষের জীবনের গভীর উপলব্ধির কথা তুলে ধরেছেন।

কবি, লেখক ও প্রাবন্ধিক এবিএম সালেহউদ্দিন আবু সয়ীদ আইয়ুব’-এর “পান্থজনের সখা” বইটির উপর আলোচনা করেন । বাংলা সাহিত্যে ‘পান্থজনের সখা’ কবিগুরু রবীন্দ্রনাথের সাহিত্য ও জীবনদর্শনভিত্তিক একটি মননশীল প্রবন্ধগ্রন্থ। এতে রবীন্দ্রসাহিত্য, কবিতা, নাটক গান, প্রেম, দুঃখ, ধর্ম ও আধ্যাত্মিকতার গভীর বিশ্লেষণ রয়েছে। লেখক যুক্তি, দর্শন ও নান্দনিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে রবীন্দ্রনাথের সৃষ্টিকে নতুনভাবে উপলব্ধি করার সুযোগ করে দিয়েছেন। বইটি রবীন্দ্রসাহিত্য অনুধাবন ও চিন্তার জগৎ সমৃদ্ধ করার একটি মূল্যায়নধর্মী সংযোজন। এতে জ্ঞানচর্চা ও আত্মজিজ্ঞাসার এক মহামূল্যবান জ্ঞানের অনুসন্ধানের পথ সুগম হয়েছে।
কবি ও লেখক রাজিয়া নাজমী,
আহমদ ছফার “ওঙ্কার” বই নিয়ে আলোচনা করেন। ভাষা আন্দোলনের চেতনা, উনসত্তরের গণআন্দোলনের পর ও বাঙালির আত্মপরিচয়ের সংগ্রামভিত্তিক একটি গুরুত্বপূর্ণ উপন্যাস। একটি বোবা মেয়ের নীরবতার মধ্য দিয়ে লেখক একটি জাতির অবদমিত কণ্ঠস্বরকে প্রতীকীভাবে তুলে ধরেছেন। ভাষা, অধিকার, প্রতিবাদ ও মুক্তির আকাঙ্ক্ষা উপন্যাসটির মূল ভাবনা। ছোট পরিসরে গভীর সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা প্রকাশ পেয়েছে।

সবশেষে আলোচনা করেন কবি ও লেখক মনিজা রহমান মানিক বন্দ্যোপাধ্যায়ের “ছোট বকুলপুরের যাত্রী” ছোটগল্প নিয়ে। এতে গ্রামীণ জীবন, সাধারণ মানুষের বাস্তবতা ও সামাজিক পরিস্থিতির প্রতিফলন ঘটেছে। লেখকের বাস্তববাদী দৃষ্টিভঙ্গি ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ গল্পটিকে বিশেষ মাত্রা দিয়েছে। মানুষের জীবনসংগ্রাম, আশা-আকাঙ্ক্ষা ও সামাজিক টানাপোড়েন গল্পের মূল আকর্ষণ।
সার্বিক মূল্যায়ন হলো চারটি সাহিত্যকর্মে ভালোবাসা, জীবনদর্শন, ভাষার অধিকার ও সামাজিক বাস্তবতার ভিন্ন ভিন্ন দিক উঠে এসেছে। সাহিত্যচর্চা যে মানুষের ভেতরে আনন্দের পাশাপাশি চিন্তা, মনন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে, সবার আলোচনাগুলোতে তারই প্রতিফলন ঘটেছে।

পরিশেষে সঞ্চালক ও সাহিত্য বিশ্লেষক ‘নীরা কাদরী’কুইন্স পাবলিক লাইব্রেরি ম্যানেজার শান্তে গেইন্, লেখিকা সাহিদা পারভীনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa