
চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ এলাকায় প্রিমিও অ্যাগ্রো অ্যান্ড কনজ্যুমার নামের একটি অবৈধ চা কারখানা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ চা বোর্ড।
গতকাল ৭ সেপ্টেম্বর এ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
চা বোর্ডের ব্লেন্ডার লাইসেন্স না থাকা, বিএসটিআই অনুমোদন না থাকা এবং অনুমোদহীন ব্র্যান্ড ও প্যাকেট ব্যবহার করে চা ব্যবসা পরিচালনা করার অপরাধে প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। প্রিমিও অ্যাগ্রো অ্যান্ড কনজ্যুমার প্রতিষ্ঠানটির বিএসটিআইর অনুমোদন ছাড়াই ক্যালভিন ব্লাক টি এবং ক্যালভিন স্পেশাল টি নামে চা বিক্রি করার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।
একই অভিযানে এসএস ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে ১২ ব্রান্ডের চায়ের প্যাকেট জব্দ করেন ভ্রাম্যমান আদালত। এসময় প্রতিষ্ঠানটির মালিক ভ্রাম্যমাণ আদালতকে জানান, তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্ডারের ভিত্তিতে এসব প্যাকেট তৈরি করে সরবরাহ করেন। তবে তিনি কোনো ওয়ার্ক অর্ডার বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। প্রতিষ্ঠানটিকে আগামী সোমবার সব বৈধ কাগজপত্র চা বোর্ডে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন বলেন, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী চা বোর্ডের লাইসেন্স ছাড়া দীর্ঘদিন অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। চা ব্যবসায় এসব অনিয়ম বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে। অভিযানে চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহানসহ স্থানীয় থানা পুলিশ অংশ নেন।
![]()









