
ধামইরহাটে আমবাগান থেকে আগুনে পোড়া নারীর মরদেহ উদ্ধার;
নওগাঁর ধামইরহাট উপজেলায় একটি আমবাগান থেকে আগুনে পোড়া এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকালে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের তালপুকুর এলাকার একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের পাশ থেকে একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, নিহত নারীর নাম মোসা. মেরিনা। তিনি ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের খেলনা দিঘিপাড়া গ্রামের হাসানের স্ত্রী এবং পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের সরকারপাড়া গ্রামের দোজ মুহাম্মদের মেয়ে বলে জানা গেছে।
আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিউল আলম বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয়রা ওই এলাকার একটি আমবাগানে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে এবং তার মরদেহে আগুন লাগার কারণ কী—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানা গেছে।
![]()









