
ত্রিপুরার সিমনায় ভিডিও করতে না পারায় বন্ধুকে পিটিয়ে হত্যার অভিযোগ
মোবাইলে ভিডিও করতে না পারায় জমানো ক্ষোভ থেকে বন্ধুকে পিটিয়ে মারার অভিযোগ উঠল অপর বন্ধুর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডটি ঘটেছে ভারতের ত্রিপুরারাজ্যের সিধাই থানাধীন সিমনার রামশংকর ভিলেজের জুমিয়া পাড়ায়। মৃত যুবকের নাম তপন দেববর্মা (২৬)। স্থানীয় সূত্রে প্রকাশ, মঙ্গলবার (১২ মে) সকালে অভিযুক্ত প্রণব দেববর্মা ও তপন সহ আরও কয়েকজন মদের আসরে বসেছিলেন। দুপুরে প্রনব, তপনকে একটি ভিডিও রেকর্ড করতে বলেন, কিন্তু পর্যাপ্ত আলো না থাকায় তপন তা করতে অস্বীকার করেন। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় বচসা। যা পরবর্তীতে রক্তক্ষয়ী সংঘর্ষে রুপ নেয়। অভিযোগ, প্রণব ও তার সঙ্গীরা তপনকে বেধড়ক মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত প্রণব অচেতন তপনকে কোলে নিয়ে তার নিজের বাড়িতে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাঁকে ভাত খাওয়ার জন্য ডাকতে গিয়ে নিথর দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনার খবর পেয়ে মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক আশীষ দাসগুপ্তের নেতৃত্বে সিধাই থানার বিশাল পুলিশ বাহিনী এবং ফরেনসিক বিশেষজ্ঞ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে জুমিয়া পাড়া এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
![]()









