- - -

টেকনাফে মাটির নিচ থেকে ৩০ হাজার ইয়াবা জব্দ, পাচারকারীরা পালিয়েছে

Print News

টেকনাফে মাটির নিচ থেকে ৩০ হাজার ইয়াবা জব্দ, পাচারকারীরা পালিয়েছে

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১১ জুলাই) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (১০ জুলাই) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে এলাকায় তল্লাশি চালিয়ে মাটির নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের উপকূলীয় এলাকায় মাদক পাচার প্রতিরোধ এবং ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa