- - -

টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

img 20261005 wa0039
Print News

টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

 

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইদ্রিস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গত ৪ অক্টোবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও এসআরবির যৌথ আভিযানিক দল টেকনাফের নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দক্ষিণে জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেটের পশ্চিম পাশে খালসংলগ্ন নাফ নদী এলাকায় অবস্থান নেয়।
পরে ৫ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ বিওপির বিশেষ টহলদল থার্মাল ইমেজারের মাধ্যমে মিয়ানমার থেকে আসা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করে। রাত আড়াইটার দিকে তাদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।
আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা রাতের অন্ধকারে পার্শ্ববর্তী কেওড়া বাগানের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় যৌথ আভিযানিক দল তিনটি বড় প্যাকেটসহ একজনকে আটক করতে সক্ষম হয়। পরে প্যাকেটগুলো তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মো. ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার মৃত আব্দুল হাকিম ও মৃত সখিনা খাতুনের ছেলে।
বিজিবি জানায়, আটক ব্যক্তি ও জব্দ করা ইয়াবা ট্যাবলেটের বিষয়ে নিয়মিত মামলা রুজুর মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচারসহ সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa