- - -

টেকনাফে ঝুঁকিপূর্ণ কালভার্টে প্রতিদিন জীবনের ঝুঁকি, দুর্ভোগে ১৩ শতাধিক শিক্ষার্থী

Print News

টেকনাফে ঝুঁকিপূর্ণ কালভার্টে প্রতিদিন জীবনের ঝুঁকি, দুর্ভোগে ১৩ শতাধিক শিক্ষার্থী

কক্সবাজারের টেকনাফ ৩নং সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার মাহমুদিয়া বালিকা দাখিল মাদ্রাসার সংযোগ সড়কে থাকা একটি জরাজীর্ণ কালভার্ট দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিদিন প্রায় ১৩ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শত শত গ্রামবাসী বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই এই কালভার্ট ব্যবহার করছেন।

স্থানীয়দের ভাষ্য, বছরের পর বছর ধরে কালভার্টটির বেহাল দশা থাকলেও এটি মেরামত কিংবা পুনর্নির্মাণে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সামান্য অসাবধানতা বা অতিরিক্ত চাপেই বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে বিদ্যালয়ে যাতায়াতকারী কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে দিন দিন।

এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে কালভার্টটির ঝুঁকি আরও বেড়ে যায়। প্রতিদিন আতঙ্ক নিয়ে শিক্ষার্থীদের এই পথ অতিক্রম করতে হয়। একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার অপেক্ষায় না থেকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় সচেতন মহলের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যাতায়াতপথ হওয়ায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন। শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ কালভার্টটি দ্রুত সংস্কার অথবা নতুন করে নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa