
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীলের পিরোজপুরের বাড়িতে ঢুকে মা-বাবা ও বোনকে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং জমির দলিল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আজ ১৯ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে ফেসবুক স্ট্যাটাসে এ অভিযোগ করেন দীপক শীল।
তিনি লিখেন, ‘পিরোজপুর থেকে আমার পরিবারকে উচ্ছেদের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। গতরাতে মা-বাবা আর বোনকে অচেতন করে আমাদের বাসায় ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং জমির দলিল চুরি করে নিয়ে গেছে। কয়েকদিন আগে আমিসহ পরিবারের ৬ জনের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যে ঘটনা উল্লেখ করে দেওয়া হয়েছে সেদিন আমি পিরোজপুরেই ছিলাম না, যা প্রমাণ আমি আদালতে হাজির করেছি।’
অনেকেই তার পৈত্রিক জমি দখলের চেষ্টা করছে উল্লেখ করে স্ট্যাটাসে তিনি লিখেন, ‘এর মধ্যে ১১ টা মিথ্যা দলিল করে নেওয়ার চেষ্টা করছে। যার বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। বিভিন্নভাবে আমাদের পরিবারের সদস্যদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। আমি আমার পরিবার নিয়ে বাংলাদেশ থাকতে চাই এবং আমার পৈত্রিক বসতবাড়িতেই। ‘
![]()









