
ছত্তীশগড়ের বিজাপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ২ মাওবাদী নিহত, অস্ত্র উদ্ধার
ভারতের ছত্তীশগড়ের বিজাপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হলেন ২ মাওবাদী। ছত্তীশগড়ের বিভিন্ন প্রান্তে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান অব্যাহতভাবে চলছে। সেই অভিযান চলাকালীন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ) সকালে খবর আসে, বিজাপুরের একটি জঙ্গলে একদল মাওবাদী জড়ো হয়েছে। সেই খবর পেয়েই জেলার দক্ষিণ প্রান্তে অভিযান আরও জোরদার করে পুলিশ। পুলিশ সূত্রে প্রকাশ, ডিস্ক্রিক্ট রিজার্ভ গার্ড ( ডিআরজি) এবং পুলিশের একটি যৌথবাহিনী ওই জঙ্গলে তল্লাশি অভিযানে নামে। সেই সময় মাওবাদীদের দলটি বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় বাহিনী ও। ২ পক্ষের মধ্যে সকাল ৭টা থেকে গুলির লড়াই শুরু হয়। বেশি কিছুক্ষন গুলির লড়াই চলে। সেই সংঘর্ষে ২ মাওবাদীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ২টি দেহ উদ্ধার হয়েছে। মাওবাদীদের খোঁজে ওই জঙ্গলে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মাওবাদীরা সংখ্যায় কত জন ছিলেন তা স্পষ্ট জানা যায়নি। মৃত ২ মাওবাদীর দেহের পাশ থেকে একে ৪৭ রাইফেল, ৯ এমএম পিস্তল, বিস্ফোরক উদ্ধার হয়েছে।
![]()









