- - -

চট্টলদরদি ইউসুফ চৌধুরী: বটবৃক্ষের স্মৃতি, সংগ্রামের আলো

Print News

চট্টলদরদি ইউসুফ চৌধুরী: বটবৃক্ষের স্মৃতি, সংগ্রামের আলো

-মো. কামাল উদ্দিন

ফুল ফুটে ঝরে যায়, এটাই চিরন্তন নিয়ম। মানুষও তেমনি চলে যায়, কিন্তু রেখে যায় তার সৃষ্টির অমর স্মৃতি। সক্রেটিস যেমন বলেছিলেন—“সত্যিকারের পরিপূর্ণ মানুষের মৃত্যু নেই”—তেমনি চট্টল দরদি বটবৃক্ষ ইউসুফ চৌধুরী আজও আমাদের মাঝে জীবন্ত।
আমি তাঁকে প্রতিদিন দেখি—দৈনিক পূর্বকোণ হাতে নিলে, চট্টগ্রামের উন্নয়নের স্বপ্নে, সংগ্রাম কমিটির সাংগঠনিক কর্মসূচিতে। তিনি বেঁচে আছেন চট্টগ্রামের প্রতিটি শিরায়, প্রতিটি আন্দোলনের প্রেরণায়।
আজ তাঁর অষ্টাদশ মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করতে বসেছি। মহান আল্লাহ তাঁকে নিজের কাছে টেনে নিয়েছেন মক্কার পবিত্র ভূমিতে, ৯ সেপ্টেম্বর ২০০৭ সালে ওমরা পালনরত অবস্থায়। পবিত্র মনের, ন্যায়পরায়ণ, নিষ্ঠাবান এই মানুষটির মৃত্যু প্রমাণ করে গেছে—তিনি ছিলেন সত্যিকার অর্থে নেক্কার ও মহান।
আমার সৌভাগ্য হয়েছিল তাঁর কাছে আসার, তাঁর সঙ্গে কাজ করার। আমার প্রাণপ্রিয় নেতা চট্টলবন্ধু এস এম জামাল উদ্দিন—বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান—তাঁর হাত ধরে আমি ইউসুফ চৌধুরীর কাছে আসি। জামাল উদ্দিন ভাই আজ আর নেই, তিনিও আমাদের ছেড়ে চলে গেছেন। তাঁদের অনুপস্থিতি আজ এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে।
ইউসুফ চৌধুরী ছিলেন এক অসাধারণ বড় মনের মানুষ। আশি বছরের তরুণকে নিয়ে যখন আমরা নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরতাম সমস্যা চিহ্নিত করতে, তখন উপলব্ধি করেছি—চট্টগ্রামের প্রতি তাঁর ভালবাসা কতটা গভীর ছিল। তাঁর মতো মানুষকে সহজে লেখা দিয়ে শেষ করা যায় না।
আমাদের সংগ্রাম কমিটির সহযোদ্ধা মরহুম সাহেদুল আলম কাদেরীর সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল অটুট। ২০০৭ সালের ৪ সেপ্টেম্বর ঢাকাগামী মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাহেদুল আলম কাদেরী, হারুন সালাম ও ইঞ্জিনিয়ার মনোয়ারের মৃত্যু সংবাদ শুনে ইউসুফ চৌধুরী শিশুর মতো হাউমাউ করে কেঁদে উঠেছিলেন। তিনি তখন বলেছিলেন—“সাহেদ তো কথা দিয়েছিল আমার লাশ বহন করবে, অথচ আমাকে ওর লাশ দেখতে হলো।” সেই দৃশ্য আজও আমার চোখে ভাসে।
ওই সময় আমরা তাঁর পাশে ছিলাম—আমি আর জামাল ভাই। কয়েকদিন পর তিনি ওমরা হজে যাচ্ছেন শুনে প্রচণ্ড বর্ষার দিনে পূর্বকোণ অফিসে গিয়ে আমি তাঁর সঙ্গে শেষ দেখা করি। দোয়া চেয়ে বিদায় নিয়েছিলাম। তিনি বলেছিলেন, কাদেরীর শোকসভায় তিনি থাকতে পারবেন না, তবে যেন আমরা বড় করে শোকসভা করি। আরেকটি কথাও বলেছিলেন—“আমি যেন আল্লাহর ঘরেই থেকে যেতে পারি”—সেই দোয়া তিনি নিজেই নিজের জন্য করেছিলেন, আর আল্লাহ তা কবুল করেছেন।
ইউসুফ চৌধুরী শুধু একজন মানুষ নন, তিনি ছিলেন এক প্রতিষ্ঠান। তাঁর সংগ্রাম, তাঁর দর্শন, তাঁর জীবনদৃষ্টি আজও আমাদের জন্য দিশারী। তাঁর সুযোগ্য সন্তান স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীকে সঙ্গে নিয়ে আমরা নতুন করে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটিকে সাজিয়েছি। ইউসুফ চৌধুরী ও এস এম জামাল উদ্দিনের যেখানে আন্দোলন থেমে গিয়েছিল, সেখান থেকেই আমরা নতুন শপথে যাত্রা শুরু করেছি।
আজকের চট্টগ্রাম অভিভাবকশূন্য। পানি, গ্যাস, বিদ্যুৎ, রাস্তাঘাটের সমস্যা প্রতিদিন বেড়ে চলছে। সরকার আসে, সরকার যায়, কিন্তু চট্টগ্রামের ভাগ্য পরিবর্তন হয় না। এই সময়ে ইউসুফ চৌধুরী ও জামাল উদ্দিনের মতো অকৃত্রিম নেতৃত্বের তীব্র প্রয়োজন অনুভূত হচ্ছে।
আমরা ভুলে যাব না তাঁদের স্বপ্ন—অবহেলিত চট্টগ্রামের উন্নয়ন। প্রয়াত নেতা সাহেদুল আলম কাদেরী, অধ্যাপিকা সালমা চৌধুরী, হারুন সালাম, ইঞ্জিনিয়ার মনোয়ার—সবাই আমাদের সংগ্রামের আদর্শ। তাঁদের স্মৃতি আমাদের পথচলার অনন্ত শক্তি হয়ে থাকবে।
আজ ১৮তম মৃত্যুবার্ষিকীতে আমরা মহান এই বটবৃক্ষ ইউসুফ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করছি। প্রার্থনা করছি, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। একই সঙ্গে কামনা করছি, এস এম জামাল উদ্দিন ও ইউসুফ চৌধুরীর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়িত হোক—চট্টগ্রাম হোক এক সমৃদ্ধ, উন্নত, ন্যায়ের নগরী।

লেখক: মহাসচিব, চট্টগ্রাম নাগরিক ফোরাম-
সাংবাদিক ও উপস্থাপক, বাংলা টিভি

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa