
চট্টগ্রাম শহরের রাজনীতির দীর্ঘদিনের সুপরিচিত মুখ স্বপন সেন আর নেই
ব্যারিস্টার মনোয়ার
আমাদের সবার প্রিয় নিরলস নি:স্বার্থবান রাজনীতিক, গণতন্ত্রী পার্টির চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি স্বপন সেনের ( স্বপন দা) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তাঁর আত্মার সদগতি কামনা করি ।রাজনৈতিক অঙ্গনে সবসময় তিনি সক্রিয় ছিলেন । এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনে তিনি রাজপথে সক্রিয় ছিলেন ও নির্যাতিত হয়েছিলেন । চট্টগ্রামের উন্নয়নের সংগ্রামে আমাদের পাশে সবসময় ছিলেন ।

১৯৮৮-৯৪ সালে আমি সাধারণ সম্পাদক থাকাকালীন দেখেছি আমাদের বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির প্রায় সব প্রেস রিলিজ তিনি সব পত্রিকায় পৌঁছে দিতেন । সে সময়কার চট্টগ্রামের পত্রিকাগুলোতে আমাদের চট্টগ্রাম উন্নয়ন ও রাজনৈতিক সভা সমাবেশের সংবাদে তাঁর নাম আর্কাইভে খুঁজলে পাওয়া যাবে সহজে । গত ১৫ বছর যতবারই দেখা হতো ততবারই চেষ্টা করেছি কিছু অর্থ তাঁর হাতে গিফ্ট হিসেবে তুলে দিতে । আমাকে আপন মনে করতেন বলে এতে খুশী হতেন । চট্টগ্রাম কলেজে উচ্চমাধ্যমিকে আমার বড়ভাইয়ের ব্যাচমেট ছিলেন বলে জানিয়েছিলেন । এজন্য আলাদা একটা জায়গা তাঁর জন্য ছিল আমার কাছে । আমরা অনেকেই স্বপন দাকে অনুরোধ করলে দরদ দিয়ে রবীন্দ্র সঙ্গীত শুনাতেন । আর কিছুটা রং তামাশার ছলে তাঁকে রাগ করানোর চেষ্টা করেছি অনেকবার, কিন্তু কখনো রাগেননি। অনুরোধ করলে কিছু জোক্স বলতেন যেগুলো আমার এখনো মনে আছে ।

স্বৈরাচার বিরোধী আন্দোলন আর উন্নয়নের আন্দোলনের অগণিত সভা সমাবেশ লোকসমাগম জমিয়ে শুরু করতে তাঁর প্রয়োজনীয়তা সবাই অনুধাবন করতেন এবং তিনি নির্দ্বিধায় এটা করতেন। এ ধারা অব্যাহত রেখেছেন আজীবন ।
অনেক বক্তার থাকলেও আলোচনা সভা ও সমাবেশে তাঁকে চেষ্টা করতাম একটু বলার জন্য সময় বের করতে । কোন সময় বাদ গেলেও পরে এটা নিয়ে কিছু বলতেন না । ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন করতেন চট্টগ্রাম কলেজে ও শহরে। পরে ন্যাপ ও গণতন্ত্রী পার্টি করেছিলেন । সিনিয়রদের কাছ থেকে শুনেছিলাম স্বাধীনতার পর চট্টগ্রাম কলেজে থাকতে ( যখন সেখানে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র ইউনিয়ন জয়ী হয়েছিল) ছাত্র ইউনিয়নেরই একটি বিদ্রোহী বা বহিস্কৃত গ্রুপের হামলার শিকার হয়েছিলেন। এরপর থেকে কিছুটা অন্যরকম ছিলেন । কোন প্রকার অভিলাশ আর চাওয়া পাওয়া ছিলো না তাঁর, কারো কোন ক্ষতিও করেননি । অবিবাহিত ছিলেন । সোজা সরল স্বপন দা এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন । তাঁর বড় ভাই বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলী ছিলেন । তাঁর সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি ।
ব্যারিস্টার মনোয়ার হোসেন- চেয়ারম্যান, চট্টগ্রাম নাগরিক ফোরাম
![]()









