
চট্টগ্রাম ওয়াসার পানিতে আবারও লবণ : নগরীতে পানি সংকটের আভাস
মো. কামাল উদ্দিন
গত কয়েকদিন আগে আমরা চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে আমি ফোরামের মহাসচিব হিসেবে আমার নেতৃত্বে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্হাপনা পরিচালক প্রকৌশলী একে এম ফয়জুলল্লাহ এর সাথে এক মতবিনিময় করেছিলাম। আমরা পানিতে লবণ ও কর্ণফুলীর পানি দুষণের শিকার হওয়ার সম্ভাবনাসহ রমজান মাসে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ চলমান রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তখন তিনি বলেছিলেন, পানির কোন সংকট নেই, পানিতে লবণ আসারও কোনো সম্ভবনা নেই। এস আলমের চিনির কারখানায় আগুনের কারণে বিষাক্ত বর্জ এসে কর্ণফুলী নদীর পানি দুষণের বিষয়েও তিনি পরিস্কার করে বলেছিলেন যে, তাতে কোন সমস্যা হবেনা। আসলে তিনি কি জেনেশুনে বা বুঝেশুনে অভিজ্ঞতা নিয়ে বলেছেন তা আমরা বুঝে উঠতে পারছি না। এখন দেখা যাচ্ছে, চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় পানির সংকট সৃষ্টি হয়েছে অন্যদিকে পানিতে লবণ পাওয়া যাচ্ছে। নগরীতে বিশুদ্ধ পানি সরবরাহ চলমান রাখার কথা থাকলেও এখন প্রশ্ন হলো আমরা যা খাচ্ছি, তা কতটুকু বিশুদ্ধ পানি? সরকার চট্টগ্রাম নগরীতে বসবাসকৃতদের জন্য স্যুপেয় বিশুদ্ধ পানির আধুনিক মানের বড় বড় তিনটি প্রকল্প চালু করেছেন। পানিতে লবণের পরিমাণ কম বা একেবারে না থাকার জন্য বোয়ালখালী ভান্ডার জুরিতে একটি ও রাঙ্গুনিয়াতে দুইটি বিশুদ্ধ পানি আহরণের প্রজেক্ট করেছেন। উক্ত প্রকল্পগুলোতে অর্থায়ন করেছেন জাপান ও কুরিয়া। প্রজেক্টগুলোতে ধারণ ক্ষমতাও বেশি রয়েছে, তেমনি বিশুদ্ধ পানি সরবরাহ করার নিশ্চিত করেছিল। কিন্তু আমরা বাস্তবে কি পাচ্ছি আজ আলোচনার বিষয়। গত বছর ঈদের পর পর পানিতে সরাসরি লবণ পাওয়া যাওয়াসহ পানি দুষণ হওয়ায় নগরের অনেক মানুষ অসুস্থ হওয়াতে আমরা চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে
চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে ওয়াসা অফিস ঘেরাওসহ মানববন্ধনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে নগরীতে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার জন্য দাবী নিয়ে সোচ্চার হয়েছিলাম। আমাদের আন্দোলনের চাপের মুখে ওয়াসা বিশুদ্ধ পানি সরবরাহ করতে বাধ্য হয়েছিল। পাশাপাশি আমরা আওয়াজ তোলার পর বিভিন্ন সামাজিক সংগঠনও সোচ্চার হওয়াতে পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলে ওয়াসার পানিতে লবণ আসার সংবাদ প্রচার করায় কর্তৃপক্ষ তড়িৎগতিতে সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছিল। গত বছরের মতো আবারও পানিতে লবণ আসা শুরু হয়েছে, এই সমস্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। কর্তৃপক্ষ এই বিষয়ে মতামত জানান যে, বৃষ্টি না হওয়াতে নদীতে লবণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তার জন্য ওয়াসার পানিতে লবণ আসছে। এখন কথা হলো আমাদের আধুনিক মানের উচ্চ ক্ষমতা সম্পন্ন পানি শোধনাগার স্হাপন করা হয়েছে তাতে কেন পানিতে লবণ আসবে? পৃথিবীর প্রায় দেশে পানি আহরণ করে সরাসরি সমুদ্র থেকে। পানিগুলো একেবারে লবণ কিন্তু তারাতো সেই লবণ পানিকে শোধনাগারের মাধ্যমে শোধন করে লবণ বা দুষিত পানিকে বিশুদ্ধ পানিতে পরিনত করে পাইপ লাইন থেকে সরাসরি পান করার উপযোগী করে দিচ্ছে। তাহলে আমাদের এখানে এমন হবে বা কেন? আমাদেরও পানি সংগ্রহ করা হয় নদী থেকে। আবার সেই নদীর পানিগুলো হচ্ছে পাহাড় থেকে আসা পানি। আজ সেই পাহাড়ি পানিও দূষিত হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এত আধুনিক মানের উচ্চ ক্ষমতাসম্পন্ন পানি শোধনাগার স্হাপন করে কি লাভ হলো আমাদের? পানিতে লবণ আসাসহ পানি দুষিত হচ্ছে। এককথায় নগরীতে বিশুদ্ধ পানির সংকট সৃষ্টি হয়েছে অন্যদিকে প্রায় এলাকায় পানি সরবরাহ চলমান নেই। সব কিছু বিবেচনা করে জরুরি ভিত্তিতে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার প্রয়োজন রয়েছে। যেসব এলাকায় পানি পানি পাওয়া যাচ্ছে না, সেই সব এলাকায় পানি সংকট নিরসন করার জরুরি উদ্যোগ নিতে হবে। পবিত্র রমজান মাসে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ রাখার কথা যেখানে, সেই খানে নিয়মিত পানি পাওয়া যাচ্ছে না তা দুঃখজনক। পানি পাওয়া গেলেও পানিতে লবণ তাহলে মানুষ বিশুদ্ধ পানি পাবে কোথায়? আমি অনুরোধ করবো এই সমস্যা জরুরি ভিত্তিতে সমাধান করতে। না হয় নগরবাসী আবারও চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও মহাসচিব হিসেবে আমার নেতৃত্বে ওয়াসা অফিস ঘেরাও করতে রাজপথে নামতে বাধ্য হবে। চট্টগ্রাম মহানগরীর ওয়াসার পানিতে লবণাক্ততা নিয় পরিবেশ বিশেষজ্ঞ, কর্ণফুলী নদীর গবেষক ড. ইদ্রীস আলী যা বলেছেন, তা তুলে ধরলাম।
চট্টগ্রাম নগরবাসীর ব্যবহৃত পানির লবনাক্ততা আবারো বৃদ্ধির দিকে ধাববান। পানির উৎপাদন অন্য সময়ের তুলনায় কমে গিয়েছে। লবণাক্ততা প্রতি লিটারের দুই হাজার মিলিগ্রামের উপরে উঠেছে।
স্বাভাবিক সময় যেখানে লবণাক্ততা থাকার কথা ৩০০ থেকে ৪০০ মিলিগ্রাম প্রতি লিটার, সেখানে মার্চ মাসের মাঝামাঝিতেই ২০০০ মিলিগ্রাম প্রতি লিটার ছাড়িয়ে গেছে লবণাক্ততা। এটি আজ ও আগামী দিনের সংকটের কথা জানান দিচ্ছে।
দৈনিক ৫০ কোটি লিটার পানি চাহিদার চট্টগ্রাম এখন লবণাক্ততা ও পানি প্রাপ্তির সংকটে। চট্টগ্রাম মহানগরী প্রবৃদ্ধির নগরী। জনসংখ্যায় এবং নিত্য প্রয়োজনীয় আবারও পণ্য চাহিদায়। এই শহরকে নিয়ে আগামী দিনের জন্য যেসব পরিকল্পনা প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে, তাতে সংকট মোকাবেলায় সক্ষমতা কতটুকু আছে, অপূর্ণতা কতটুকু আছে, তা সঠিক নিরীক্ষার মাধ্যমে যাচাই হওয়া দরকার। কাপ্তাই বাঁধের উপর অঞ্চলের পানির অবস্থা ও ভূগর্ভস্থ পানির অবস্থা, জোয়ার- ভাটার প্রকৃতি, উজান-উপর থেকে বৃষ্টিহীনতা, মিঠাপানির অপর্যাপ্ততা, কৃষি জমিতে জল সেচের জন্য প্রয়োজনীয় পানি তুলে নেয়া, নগরবাসীর চাহিদা, পানি ব্যবহারে অপচয়ে নগরবাসীর নির্লিপ্ততা, কর্ণফুলী হালদার সক্ষমতা যাচাই, দূষণ এবং পানি ধারণক্ষমতা পুনর্মূল্যায়ন-সবকিছুর সাথে পরিকল্পনার সমন্বয় সাধন হওয়া দরকার। গত বছর সংকট সৃষ্টি হয়েছিল আরো পরে। এবার আগে ভাগেই । আগামীতে কি হবে তা আন্দাজ করা পরিকল্পনাকারীদের দায়িত্বের অংশ। পানিতে অতিরিক্ত লবণে জনস্বাস্থ্যের যে বিপর্যয় ডেকে আনবে তার আর্থিক মূল্য, পরিবেশগত মূল্য এবং সামাজিক মূল্য অঞ্চলকে সংকটাপন্ন করবে।
স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাধাগ্রস্ত হবে। বিষয়গুলো সময় থাকতে ভাবনা সূচিতে থাকা উচিত। চট্টগ্রাম মহানগরীর পানীয় পানির লবণাক্ততা বৃদ্ধির সংকট নিয়ে তিনি এই কথা গুলো বলেন।
আমি ড. ইদ্রীস আলীর কথা দিয়ে আমার লেখা শেষ করলেও কিন্তু লেখা শেষ হবেনা। কারণ পানির সংকট সমাধান ও পানিতে লবণ আসা বন্ধ করতে না পারলে আমি আবারও কলম ধরে ওয়াসা কর্তৃপক্ষের অবহেলা ও অযোগ্যতা এবং দুর্বলতাকেই স্পষ্ট করে তুলে ধরার পাশাপাশি চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে আন্দোলন জোরদার করতে বাধ্য হবো।
মনে রাখবেন, পানিই জীবন পানিই মরণ। পানির সংকট খুবই বড় সংকট , তা সমাধান করতে সক্ষম বিজ্ঞ মানুষেরা এগিয়ে আসতে হবে। ওয়াসকে আবারও সাবধান জানাচ্ছেন নগরবাসী।
লেখক : সাংবাদিক, গবেষক, সাহিত্যিক, টেলিভিশন উপস্থাপক ও মহাসচিব, চট্টগ্রাম নাগরিক ফোরাম।
email Kamaluddin 2247@gamsl.com
![]()









