
চট্টগ্রামে ‘এম এম রহমান খানম’ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রামে এম এম প্রপার্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের নতুন প্রকল্প ‘এম এম রহমান খানম’-এর উদ্বোধন উপলক্ষে সোমবার (৬ জুলাই) নগরের চকবাজার ডিসি রোডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম. এ. মালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “এই ভবনটির জমি আমার পৈতৃক সম্পত্তি। প্রকল্পটি যারা ডেভেলপ করছেন, তারা আমার বাবা-মায়ের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এর নাম রেখেছেন ‘রহমান খানম’। ‘রহমান’ আমার বাবার নাম এবং ‘খানম’ আমার মায়ের নাম। এভাবে তাঁদের নামকে স্মরণীয় করে রাখায় আমি সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর সব ধরনের নীতিমালা ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করতে হবে। শুধু এ প্রকল্প নয়, নগরীর সব নতুন ভবন নির্মাণের ক্ষেত্রেই এমন পরিকল্পনা গ্রহণ করতে হবে, যাতে অন্য কারও দুর্ভোগ সৃষ্টি না হয় এবং জলাবদ্ধতার মতো সমস্যা বাড়ে না। একটি নিরাপদ, পরিকল্পিত ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে নতুন প্রকল্পের সফলতা, প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পীরে কামেল আলহাজ মাওলানা ইসহাক হুজুর (বাঁশখালী)।
ডেভেলাপমেন্ট প্রতিষ্ঠান এম এম প্রপার্টিজ এন্ড ডেভেলাপমেন্টের চেয়ারম্যান রায়হানুল ইসলাম গুনগত মান বজায় রেখে প্রকল্পের কাজ সম্পন্ন করার প্রতিশ্রতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
![]()









