- - -

ঘোড়াঘাটে বিড়াল হত্যায় অভিনব শাস্তি: ৬ মাস খাওয়াতে হবে এলাকার কুকুর-বিড়ালকে।

img 20261116 wa0021
Print News

ঘোড়াঘাটে বিড়াল হত্যায় অভিনব শাস্তি: ৬ মাস খাওয়াতে হবে এলাকার কুকুর-বিড়ালকে।

 

দিনাজপুরের ঘোড়াঘাটে দোকানের কয়েক প্যাকেট বিস্কুট খাওয়াই কাল হলো একটি মা বিড়ালের। ফাঁদ পেতে আটকে ফেলার পর গলায় চিকন দড়ি পেঁচিয়ে নির্মমভাবে তাকে হত্যার অভিযোগ উঠেছে এক বেকারি দোকানির বিরুদ্ধে। দোকানের সামনে পড়ে থাকা নিথর মা বিড়ালটির দুটি অসহায় ছানা রয়েছে। এমন নিষ্ঠুরতা মেনে নিতে পারেননি স্থানীয় এক প্রাণিপ্রেমী যুবক। শেষ পর্যন্ত বিড়াল হত্যার বিচার চেয়ে তিনি হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে।
ঘটনাটি ঘটেছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বলগাড়ি বাজারে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিড়াল হত্যার প্রতিকার চেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে যান স্থানীয় যুবক মেহেদী হাসান ইমু। তার অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত বেকারি দোকানি সারোয়ার হোসেনকে (৫২) কার্যালয়ে তলব করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বা সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিজের দোষ স্বীকার করেন ওই দোকানদার। এ সময় তাকে ভিন্নধর্মী এক শাস্তি দেওয়া হয়—আগামী ছয় মাস বাজারের সব কুকুর ও বিড়ালের খাবারের নিয়মিত ব্যবস্থা করতে হবে তাকে।
অভিযোগকারী মেহেদী হাসান ইমু জানান, গত শুক্রবার রাতে বলগাড়ি বাজারের ওই বেকারি দোকানি দোকানে নাইলনের চিকন দড়ি দিয়ে ফাঁদ পেতে রাখেন। রাতের কোনো একসময় ক্ষুধার তাড়নায় খাবারের সন্ধানে দোকানে প্রবেশ করলে সেই ফাঁদে আটকা পড়ে মা বিড়ালটি। এরপর সকালে বিড়ালটিকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে হত্যা করা হয় এবং মরদেহটি দোকানের সামনেই ফেলে রাখা হয়।
দোকান থেকে সামান্য বিস্কুট খাওয়ার অপরাধে একটি প্রাণীকে এভাবে হত্যার বিষয়টি স্থানীয়ভাবে তীব্র ক্ষোভের জন্ম দেয়। বিশেষ করে নিহত মা বিড়ালটির দুটি ছোট ছানা মায়ের অনুপস্থিতিতে সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। একজন প্রাণীর এমন মর্মান্তিক পরিণতির বিচার চেয়ে শেষ পর্যন্ত প্রশাসনের দারস্থ হন তরুণ মেহেদী হাসান ইমু। প্রশাসনের এমন সৃজনশীল ও মানবিক রায়কে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa