
গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন মধ্যমগ্রামের বাসিন্দা
গঙ্গায় তলিয়ে গেলেন একব্যক্তি। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার শোভাবাজার ঘাটে। স্থানীয়দের দাবি, তিনি গঙ্গায় স্নান করতে নেমেছিলেন। স্রোতের টানে তলিয়ে যান। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার (৩ মার্চ ) বিকেলে গঙ্গায় স্নান করতে শোভাবাজার ঘাটে এসেছিলেন সমীর মাইতি নামে একব্যক্তি। তাঁর বাড়ি মধ্যমগ্রামে। স্থানীয়দের দাবি, স্নান করতে নামার কিছুক্ষন পরেই গঙ্গায় তলিয়ে যেতে থাকেন সমীর (৫২)। বিষয়টি নজরে আসতেই পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। গঙ্গায় নেমে তল্লাশি চালিয়ে সমীরকে উদ্ধার করা হয়। উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা ও। অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। কী ঘটেছিল। তা খতিয়ে দেখছে নর্থ পোর্ট থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এনিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
![]()









