- - -

খেলাধুলার মাঠেই গড়ে উঠবে মাদক-সন্ত্রাসমুক্ত তরুণ প্রজন্ম: মেয়র শাহাদাত

img 20261005 wa0013
Print News

খেলাধুলার মাঠেই গড়ে উঠবে মাদক-সন্ত্রাসমুক্ত তরুণ প্রজন্ম: মেয়র শাহাদাত

৪১ ওয়ার্ডে ৪১ মাঠের উদ্যোগ; তরুণদের মাঠমুখী করতে নিয়মিত ক্রীড়া আয়োজনের আহ্বান

চট্টগ্রাম: খেলাধুলার সুযোগ বাড়িয়ে শিশু-কিশোর ও তরুণদের মাঠমুখী করার মাধ্যমে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, একটি সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নগরীর প্রতিটি এলাকায় খেলার পরিবেশ তৈরির পাশাপাশি নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নগরীর বাকলিয়ার কর্ণফুলী স্পোর্টস এরেনা, নতুনব্রিজে ‘২য় বারের মতো মরহুম আহম্মদুর রহমান স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, “তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে হলে শিক্ষা ও সংস্কৃতির পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে।” খেলাধুলা শারীরিক সক্ষমতার পাশাপাশি তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহযোগিতা ও দায়িত্ববোধ তৈরি করে।

তিনি বলেন, তরুণদের একটি অংশ বর্তমানে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাদের বিপথগামিতা রোধে পরিবার, সমাজ, রাষ্ট্র ও ক্রীড়া সংগঠকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিয়মিত ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন প্রতিযোগিতা তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার কার্যকর মাধ্যম।

৪১ ওয়ার্ডে ৪১ মাঠ

শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়রের মতে, প্রতিটি ওয়ার্ডে মাঠ নিশ্চিত করা শুধু ক্রীড়া উন্নয়ন নয়, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখারও একটি কার্যকর উদ্যোগ।

এরই অংশ হিসেবে নগরীর বিভিন্ন মাঠের উন্নয়ন ও পুনর্গঠনের কাজ চলছে। মহসিন কলেজ মাঠ, বাকলিয়া স্কুল মাঠ, বহুরূপী মাঠ, আকবর শাহের ফিরোজশাহ মাঠ, জাম্বুরি মাঠ ও হালিশহর বিডিআর মাঠে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নেওয়া হয়েছে। পাশাপাশি ৯ নম্বর ওয়ার্ডের ফিরোজশাহ মাঠ ও ১১ নম্বর ওয়ার্ডের বহুরূপী মাঠের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পও এগিয়ে নেওয়া হচ্ছে।

হালিশহর এইচ ব্লক মাঠে মাঠ উন্নয়নের পাশাপাশি ওয়াকওয়ে নির্মাণ, মাঠ সমতলকরণ ও ঘাস রোপণের কাজ করা হয়েছে। এতে খেলাধুলার পাশাপাশি স্থানীয়দের হাঁটা ও শরীরচর্চার সুযোগও তৈরি হয়েছে।

ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরির অংশ হিসেবে আগ্রাবাদ শিশু পার্ক পুনরায় চালু, জাম্বুরি মাঠের অংশবিশেষ খেলাধুলার জন্য উন্মুক্ত, বিপ্লব উদ্যানের উন্নয়ন, চান্দগাঁওয়ের বন্ধ পার্ক চালু এবং আমবাগানের ওয়াসিম আকরাম পার্ক উন্নয়নের উদ্যোগও নেওয়া হয়েছে।

৪১ ওয়ার্ডে ৪১ মাঠের পরিকল্পনার আওতায় ইতোমধ্যে ১১টি মাঠের কাজ সম্পন্ন হয়েছে এবং আরও মাঠের জন্য ডিপিপি প্রস্তুত করা হচ্ছে।

মেয়র বলেন, “শিশুদের মাঠে ফিরাতে পারলে মাদক সমস্যা ও কিশোর গ্যাং কমে আসবে।” তৃণমূল পর্যায় থেকেই প্রতিভাবান খেলোয়াড় তৈরি হয় উল্লেখ করে তিনি স্থানীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি আবুল হাশেম বক্কর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব ও চসিকের ১৮ নম্বর ওয়ার্ড (পূর্ব বাকলিয়া) কাউন্সিলর প্রার্থী হাজী মোহাম্মদ মূসা।

মরহুম হাজী ইসমাঈল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল টুর্ণামেন্টে স্থানীয় বিভিন্ন দলের খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত ছিলেন আজিজুল হক মাসুম, সৈয়দ আবদুল নোমান, মোহাম্মদ শাহিন, মো. টিপু, আলাউদ্দিন, রাশেদ, ইমন, ইকবাল, আজাহার ও আসিফসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa