
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাবি করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রয়োজন।
তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বলেছেন বাংলাদেশে বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে। কোনো প্রিজনারকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই। কিন্তু কারাবন্দি অবস্থায় বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার সুযোগ বাংলাদেশসহ বিশ্বে অজস্র নজির আছে। বর্তমান প্রধানমন্ত্রীও কারাবন্দি থাকা অবস্থায় বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন।’
গতকাল ৮ সেপ্টেম্বর বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করে জাতীয়তাবাদী যুবদল। এতে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের এই মানবিক গুণাবলি থাকবে কেন? যে সরকার খুন, গুম করে, বিরোধীদলকে নিশ্চিহ্ন করার জন্য একের পর এক নীল নকশা করে, ধ্বংসযজ্ঞা অবলম্বন করে। পররাষ্ট্রমন্ত্রী আপনি তো শুধু চাকরি রক্ষার জন্য শেখ হাসিনার মনমতো কথা বলেন। কোনো মানবিকতা, মানবতা আপনার মধ্যে নেই।’
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের কথা উল্লেখ করে রিজভী বলেন, ‘আপনি জানেন না বিএনপি কতটা মানবিক। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন আ স ম আব্দুর রব। তার উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে পাঠানো হয়েছিল। শুধু তাই নয় তাকে চিকিৎসার জন্য পাঠানোর আগে তার গ্রামের বাড়িতে ঘুরিয়ে আনা হয়েছিল। এটা বিএনপির ইতিহাস, মানবতার ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস। আর যারা গণতন্ত্র হত্যা করে বাকশাল করে ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচন রাতে করে, দিনের বেলা নির্বাচন করতে সাহস পায় না। তারাই তো অমানবিক, জনগণের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে তিলে তিলে ধ্বংস করার জন্য উন্নত চিকিৎসা হতে দেয় না, কারাগারে আটক রাখে।’
বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘আমরা তারুণ্যের সমাবেশ দেখেছি। এই তারুণ্যের সমাবেশে যত তরুণ দেখেছি আমার মনে হয় বাংলাদেশে আর কোনো তরুণ ছাত্রলীগ, যুবলীগ করে না। হয় সন্ত্রাসী, না হয় বখাটে- এরাই ছাত্রলীগ-যুবলীগ করে। আর সব শানিত চেতনার তরুণরা জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদল, স্বেচ্ছাসেবক দল করে- এটা আমাদের বিশ্বাস।’
যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন প্রমুখ। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
![]()









