
খানসামায় জুয়া খেলার অপরাধে আটক ৪
দিনাজপুরের খানসামায় জুয়া খেলার অপরাধে ৪ জনকে পৃথক পৃথক ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আটককৃতরা হলেন,উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া বাড়াইপাড়া এলাকার মৃত প্রসন্ন এর ছেলে প্রদীপ (৫৫), একই এলাকার মৃত হরেন্দ্র এর ছেলে হীরেন (৪৫), আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট এলাকার মৃত আমজাদ শাহ্ এর ছেলে রাশেদ শাহ্ (৫০) এবং পার্শ্ববর্তী নীলফামারী জেলার সৈয়দপুরের বড়দহ শাহাপাড়া এলাকার মৃত বাবলু শাহ্ এর ছেলে নজরুল (২৫)।
গত শুক্রবার (১ মার্চ) রাতে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া বাড়াইপাড়া এলাকার জনৈক যতিনের বাঁশঝাড় থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই তসির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে খেলার সরঞ্জাম তাস, নগদ টাকা, চট উদ্ধার করে পুলিশ।
এরপর আজ শনিবার (২ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ৪ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম জানান, ‘জুয়া খেলার সময় হাতে নাতে চার জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে জরিমানা করা হয়েছে। জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।‘
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, ‘জুয়া খেলার অপরাধে তাদের জরিমানা করা হয়। মাদক ও জুয়া সামাজিক ব্যাধি। সমাজকে ব্যাধি মুক্ত করতে এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।’
![]()









