
কোম্পানীগঞ্জে ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে ফুলকুঁড়ি আসর কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। শাখা সহকারী পরিচালক আকবর হোসেনের ব্যবস্থাপনায় ও শাখা খেলাধুলা ও ব্যায়াম সম্পাদক তাফহীমুল এলাহী তাফহীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব তানভীর ফরহাদ শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস নোয়াখালী জেলা শাখার সহ-সভাপতি আনোয়ার অনিক স্বপন, ফুলকুঁড়ি উপজেলা শাখার উপদেষ্টা প্রকৌশলী মো. হারুন, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক এবং বসুরহাট পাঠাগারের প্রধান উদ্যোক্তা শাহাদাৎ হোসেন সোহাগ, ও কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম মান্নান মুন্না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুরহাট পাঠাগারের সাধারণ সম্পাদক জনাব গোলাম কিবরিয়া বেলাল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিশুদের মেধা-মনন বিকাশে ফুলকুঁড়ি আসর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। শিশুরাই পৃথিবীর সুন্দর ফুল, তারা সঠিকভাবে গড়ে উঠলে গড়ে উঠবে সুন্দর সমাজ।”
অন্যান্য বক্তারা বলেন, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত ফুলকুঁড়ি আসর শিশু-কিশোরদের নৈতিক শিক্ষা, সুস্বাস্থ্য, সেবাবোধ ও সাংস্কৃতিক চেতনায় উদ্বুদ্ধ করতে কাজ করছে। বক্তারা আরও বলেন, একটি সুন্দর সমাজ গড়তে হলে শিশুদের আগে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান শেষে বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ফুলকুঁড়ি আসর দেশের শিশু-কিশোরদের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখবে।
![]()









