- - -

কুমিল্লা বাখরাবাদে দুই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ও বিতর্কিত কর্মকর্তার পুনঃযোগদান,জনমনে ক্ষোভ

img 20261116 wa0058
Print News

কুমিল্লা বাখরাবাদে দুই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ও বিতর্কিত কর্মকর্তার পুনঃযোগদান,জনমনে ক্ষোভ

 

কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম, গ্রাহক হয়রানি এবং অতীতের বিতর্কিত এক কর্মকর্তার পুনরায় যোগদানকে কেন্দ্র করে সেবাগ্রহীতা ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিষ্ঠানের বিক্রয় শাখার (কেন্দ্রীয়) ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল কুদ্দুছ ও সহকারী কর্মকর্তা (কারিগরি) মোঃ মোবিনুর রহমান একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। তারা অর্থের বিনিময়ে পছন্দের গ্রাহকদের সুবিধা দেন এবং সাধারণ সেবাগ্রহীতাদের নানা অজুহাতে হয়রানি করেন। এছাড়া আব্দুল কুদ্দুছের বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ প্রদান ও কৌশলে অর্থ হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে এমন অনিয়ম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানান ভুক্তভোগীরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল কুদ্দুছ বলেন, “কাজ করতে গেলে সবাইকে পরিপূর্ণ সেবা দেওয়া সম্ভব হয় না।” তবে গ্রাহক হয়রানির বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। অন্যদিকে, সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে নিজ অফিস কক্ষ থেকে সটকে পড়েন সহকারী কর্মকর্তা মোঃ মোবিনুর রহমান।

এদিকে, চলতি মাসে বিক্রয় শাখায় (উপজেলা-১, কুমিল্লা) ব্যবস্থাপক পদে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর পুনরায় যোগদান নিয়ে নতুন করে সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের আমলে প্রভাব খাটিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির দায়ে তাকে কুমিল্লা থেকে চাঁদপুর অফিসে বদলি করা হয়েছিল। কিন্তু মাত্র এক বছরের মাথায় তদবিরের মাধ্যমে তিনি আবারও কুমিল্লা অফিসে ফিরে এসেছেন। অতীতের অভিযোগগুলো খতিয়ে না দেখেই কীভাবে তাকে পুনরায় গুরুত্বপূর্ণ পদে বসানো হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

এ বিষয়ে বক্তব্য জানতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ওয়েবসাইটে দেওয়া মীর ফজলে রাব্বীর নম্বরে কল করা হলে চাঁদপুর শাখার অন্য এক কর্মকর্তা ফোন রিসিভ করে জানান, তিনি বর্তমানে কুমিল্লা অফিসে কর্মরত।

সার্বিক অভিযোগ ও প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে জানতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন শেখের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দপ্তরের স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন নাগরিকরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa