
কাশ্মীরে সেনার গুলিতে ১ জঙ্গি নিহত
ফের ভূস্বর্গে গুলির লড়াই। ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে বড়সড় হামলার ছক বানচাল করল ভারতীয় সেনা। গান্দেরবালে সেনার গুলিতে ১ জঙ্গি নিহত। সূত্রের খবর, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল ওই জঙ্গি। পুলিশ সূত্রে প্রকাশ, মঙ্গলবার (৩১ মার্চ ) রাতেই পুরো এলাকা ঘিরে ফেলে অভিযান শুরু হয়। বাহিনী যখন অভিযান চালাচ্ছিল সেই সময় একটি বাড়ি থেকে লুকিয়ে তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তারা সংখ্যায় কতজন ছিল তা স্পষ্ট হয়নি। রাতভর গুলির লড়াই চলে। শ্রীনগরে সেনার চিনার কোর জানিয়েছে, পুরো এলাকা ঘিরে ফেলে অভিযান চালানো হয়। সংঘর্ষের সময় এক জঙ্গির মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল ) সকালে তার দেহ উদ্ধার হয়েছে। সন্দেহ করা হচ্ছে, আরও কয়েকজন জঙ্গি ছিল। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে তারা পালিয়েছে। কিন্তু তল্লাশি অভিযান জারি রেখেছে সেনা। সেনা সূত্রে খবর, যতক্ষন না জঙ্গিদের খুঁজে বার করে ধরা হবে, ততক্ষন এই অভিযান জারি থাকবে। আশেপাশের এলাকাগুলিকে সর্তক করা হয়েছে।
![]()









