
অসুস্থ বাবাকে হাসপাতালের বেডে রেখে আমরা দুই ভাই রাস্তায় রাস্তায় ভোট চাইব- এটা কেমন মানসিকতা; এটাকে আপনারা কিভাবে নেবেন। যেখানে বাবা ৫ দিন আইসিইউতে অচেতন ছিলেন।’
বাবার শারীরিক অবস্থা সংকটাপন্ন জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন পটুয়াখালী-১ আসনের এমপি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মেজো ছেলে অ্যাডভোকেট তারিকুজ্জামান মনি। এ সময় এমপি শাহজাহান মিয়ার কনিষ্ঠপুত্র অ্যাডভোকেট আরিফুজ্জামান রনি বাবার রাজনীতির স্মৃতিচারণ করে অঝোরে কাঁদেন।
গতকাল বুধবার রাতে পটুয়াখালী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমপিপুত্র পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিকুজ্জামান মনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার দলীয় মনোনয়ন চাওয়ার প্রস্তুতি ছিল না। হঠাৎ করে বাবা অসুস্থ হলে তার বদলে আমাকে নিয়ে পারিবারিক সিদ্ধান্ত হয়।
সংবাদ সম্মেলনে এমপিপুত্র আরও বলেন, যেহেতু পাঁচ বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম, তাই রাজনৈতিক পরীক্ষা আগেই দিয়েছি। আমি ও আমরা শাহজাহান উকিলের সন্তান, এর থেকে বড় পরিচয় আমাদের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমার পরিবার ৬৭ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আমার পরিবার ও বাবাকে সবাই চেনেন এবং জানেন। তবে জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচনে অংশ নেব, আর যদি অন্য কাউকে দেন তাহলে আমরা তার পক্ষেই কাজ করব। তবুও বাবার মতো মানুষের পাশে থেকে কাজ কাজ করতে চাই। আমরা দুই ভাই পটুয়াখালীতে রাজনীতি করছি, আমাদের সম্পর্কে সবই জানেন। বাবা সুস্থ এবং আবহাওয়া ভালো হলে মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফার মাজার জিয়ারত করে গণসংযোগ করার প্রত্যাশা করে সবার দোয়া চান তিনি।
এমপি শাহজাহান মিয়ার কনিষ্ঠপুত্র সাবেক জেলা ছাত্রলীগ ও যুবলীগ আহবায়ক অ্যাডভোকেট আরিফুজ্জামান রনি সংবাদ সম্মেলনে তার বাবার দীর্ঘ রাজনীতির স্মৃতিচারণ করে অঝোরে কাঁদেন। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বাবা ৬৭ বছর রাজনীতি করে বার্ধক্যের শেষপ্রান্তে এসেছেন। হয়তো তিনি আর রাজনীতির বজ্রকন্ঠে মানুষের মাঝে হাজির হতে পারবেন না। বাবা অসুস্থ হওয়ায় তার মেজো ভাই অ্যাডভোকেট তারিকুজ্জামান মনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের কাছে মনোনয়ন চাইবেন। মনোনয়ন পেলে বাবার মতো মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবেন। যেমনটা শৈশব থেকে বাবার জন্য করেছেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস ছালাম, সিনিয়র সহ-সভাপতি সামসুল আলম, সহ-সভাপতি এনায়েত হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট নাসির উদ্দিন, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুব্রত শীল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মতিউর রহমান এবং সদস্য খন্দকার সিদ্দিকুর রহমান প্রমুখ।
![]()









