
কলকাতায় মামার যৌন লালসার শিকার শিশু, অভিযুক্ত গ্রেফতার
খাস কলকাতায় যৌন নির্যাতনের শিকার শিশু কন্যা। ৫ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ তার মামার বিরুদ্ধে। প্রাথমিক তদন্তের পরই অভিযুক্ত মামাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটির তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ। শিশুটি আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে প্রকাশ, নির্যাতিতা শিশু লেকটাউন থানা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (৯ জুলাই ) সে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে নিয়ে যান আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। শিশুটির চিকিৎসার সময় শিউরে ওঠেন চিকিৎসক। জানা যায়, নাবালিকার শরীরে যৌন নির্যাতনের চিহ্ন দেখতে পান চিকিৎসক। সঙ্গে সঙ্গে খবর দেন আরজি কর পুলিশ ফাঁড়িতে। পুলিশ আসার পর খবর যায় টালা থানায়। টালা থানার আধিকারিক একটি জিরো এফআইআর দায়ের করেন। পরে পাঠিয়ে দেওয়া হয় লেকটাউন থানায়। তদন্তে নামে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর প্রথমে আটক করা হয় শিশুটির মামাকে। তারপর তাকে গ্রেফতার করে পুলিশ। শিশুটি বর্তমানে আরজি কর হাসপাতালেই চিকিৎসাধীন। তার চিকিৎসা চলছে। নির্যাতিতার মেডিক্যাল রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। কথা বলা হচ্ছে শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে। ঘটনায় আর কেউ যুক্ত কি না, খতিয়ে দেখা হচ্ছে।
![]()









