
উদয়পুরে ৩ বাংলাদেশি যুবক সহ এক দালাল আটক
ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার উদয়পুরে ৩ জন বাংলাদেশি যুবক সহ এক দালালকে আটক করেছে রাধাকিশোরপুর থানার পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ) গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশ সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে ধ্বজনগর এলাকায় কিছু ব্যক্তি ঘোরাঘুরি করছেন। এই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে মোট ৪ জনকে আটক করেছে। ধৃত দালাল কিল্লার বাসিন্দা। ধৃত বাংলাদেশি যুবকরা হলেন, মহম্মদ আনামুল হক, মহম্মদ কালু এবং মহম্মদ আসরাফিল। আটক বাংলাদেশি যুবকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে উদয়পুর এলাকায় অবস্থান করছিল। তাদের সঙ্গে থাকা দালাল অবৈধ অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে আটক হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা সীমান্ত পারাপার এবং থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। ধৃতদের রাধাকিশোরপুর থানায় নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে নিদিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ তদন্ত করছেন। এদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন।
![]()









