
উত্তরাখন্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবাহী বাস, মৃত অন্তত ৭
ভয়াবহ পথ দুর্ঘটনা ভারতের উত্তরাখন্ডে। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল যাত্রীবাহী বাস। ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা কমপক্ষে ১২। পুলিশ সূত্রে প্রকাশ, মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) সকালে ১৮ থেকে ১৯ জন যাত্রী নিয়ে বাসটি নৈনিতালের রামনগর থেকে আলমোরার দ্বারহাটার উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু ভিকিয়াসৈন এলাকার কাছে আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে আছড়ে পড়ে। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। হাত লাগান উদ্ধার কাজে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দল। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। কি কারনে এই দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী।
![]()









